দেশের নানা ঘটনাকে ‘মব সন্ত্রাস’ আখ্যা দিয়ে এক বিবৃতি দিয়েছে আওয়ামীপন্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষকদের সংগঠন নীল দলের একাংশ। এতে বিশ্ববিদ্যালয়ের ৭১ জন শিক্ষক স্বাক্ষর করেছেন বলে বিবৃতিতে জানানো হয়। তবে, অভিযোগে উঠেছে অনেক শিক্ষককে না জানিয়ে তাদের নাম বিবৃতিতে ব্যবহার করা হয়েছে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী শিক্ষকরা।
ভুক্তভোগী শিক্ষকদের দাবি, বুধবার (৯ জুলাই) বিকেলে মব সন্ত্রাস নিরসন ও প্রতিরোধের দাবি জানিয়ে একটি বিবৃতি দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষকদের একাংশ। ওই বিবৃতিতে বিশ্ববিদ্যালয়ের ৭১ জন শিক্ষক সই করেছেন বলে দাবি করা করা হয়। তবে, বিবৃতি প্রকাশের পর বিবৃতিতে নাম থাকা নিয়ে প্রশ্ন তোলেন অনেক শিক্ষক। তাদের না জানিয়ে তাদের নাম বিবৃতিতে ব্যবহার করা হয়েছে বলে দাবি তাদের। এ নিয়ে লিখিত প্রতিবাদও জানিয়েছেন অনেক শিক্ষক।
শুক্রবার (১০ জুলাই) দুপুরে প্রকাশিত এ সংবাদ নিয়ে লিখিত বক্তব্য দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের কয়েকজন শিক্ষক। তারা হলেন সহযোগী অধ্যাপক ড. মুহাম্মাদ আরশাদুল হাসান, ড. মোহাম্মদ জহিরুল ইসলাম, আহমদ হাসান চৌধুরী, প্রভাষক ইমরান হোসাইন ও নাঈমুল ইসলাম।
লিখিত বক্তব্যে তারা জানান, বুধবার ‘মব ও মানবাধিকার ইস্যুতে উদ্বেগ জানিয়ে ঢাবির ‘আওয়ামীপন্থী’ ৭১ শিক্ষকের বিবৃতি’ শিরোনামে কিছু নিউজ পোর্টালে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদে উল্লেখ করা হয়েছে যে, বিশ্ববিদ্যালয়ের ৭১ জন শিক্ষক এতে স্বাক্ষর করেছেন। এতে আমাদের নামও উল্লেখ করা হয়েছে (যদিও উল্লিখিত নামগুলোতে যথেষ্ট অসঙ্গতি রয়েছে)। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যে, এ বিষয়ে কেউ আমাদের সম্মতি নেননি, আমরা কোনরূপ স্বাক্ষরও করিনি। উক্ত বিবৃতির সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আমরা মনে করি, আগে থেকে সম্মতি না নিয়ে কারো নাম বা স্বাক্ষর ব্যবহার করা সম্পূর্ণ অনৈতিক। অতএব, আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ভবিষ্যতে এরকম কাজের ক্ষেত্রে সকল পক্ষের সচেতনতা কামনা করছি।
শুধু আরবি বিভাগ নয় এ বিবৃতির নাম নিয়ে প্রতিবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ রেজাউল করিমসহ আরো অনেকে। এ বিষয়ে উর্দু বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ রেজাউল করিম বলেন, ‘কে বা কারা এ বিবৃতি দিয়েছেন সে সম্পর্কে আমি জানি না। আমি এসব রাজনীতির মধ্যে নাই। আমাকে কেউ জিজ্ঞাসা করে নাই। আমি জানার পর আমার খারাপ লাগছে। এসব কাজ কখনোই উচিত নয়।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন নীল দলের আহ্বায়ক অধ্যাপক ড. মো: আমজাদ আলী বলেন, ‘এ বিবৃতি সম্পর্কে আমি কিছুই জানি না। নীল দল এ সম্পর্কে জানে না। যারা এ বিবৃতি দিয়েছেন এটা তাদের নিজস্ব মতামত। নীল দলের সাথে এ বিবৃতির কোনো সংশ্লিষ্টতা নাই।’
এ বিষয়ে জানতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানকে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।



