বগুড়ার সারিয়াকান্দির ফুলবাড়ি বাজার এলাকার জমি নিয়ে সংঘর্ষে চয়ন রাজভর (৪০) নামে কোচিং সেন্টারের এক পরিচালক ছুরিকাঘাতে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের ভাই নয়নসহ আরো দু’জন।
শুক্রবার (৬ মার্চ) রাতে তারাবির নামাজের পর সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় দু’জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
নিহত চয়ন উপজেলার তুলারাম রাজভরের ছেলে ও ফুলবাড়ি দ্যা নিউ কনটেস্ট কোচিং সেন্টারের পরিচালক।
পুলিশ ও স্বজনরা জানান, ফুলবাড়ি বাজার এলাকার পাশের একটি জমি নিয়ে নিহত চয়নের সাথে প্রতিপক্ষের দীর্ঘদিন ধরেই বিবাদ চলছিল। এরই জের ধরে শুক্রবার তারাবিহ নামাজের পর তাদের মধ্যে বাগবিতণ্ডা থেকে সংঘর্ষ শুরু হয়। এ সময় চয়ন রাজভর ছুরিকাঘাতে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
এ ঘটনায় চয়নের ভাই নয়ন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অপর আহত আমিনুর ফকির সারিয়াকান্দি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আসাদুজ্জামান বলেন, ‘এ ঘটনায় জড়িত সন্দেহে দু’জনকে আটক করা হয়েছে।’



