লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুলের বিরুদ্ধে ‘অপপ্রচার ও রাজনৈতিক ষড়যন্ত্রের’ অভিযোগ উঠেছে। এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ চেয়েছেন তিনি।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে আদিতমারী সরকারি জিএস উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজিত কর্মী মূল্যায়ন সভায় বক্তব্য দিতে গিয়ে নিজের বিরুদ্ধে সমালোচনার জবাব দেন এমপি বাবুল।
তিনি বলেন, ‘তৃণমূলের নাম ব্যবহার করে একটি অংশ অপপ্রচার চালাচ্ছে। অথচ উপজেলার ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা তার পাশে রয়েছেন।’
রোকন উদ্দিন বাবুল বলেন, ‘যারা নিজেদের তৃণমূল দাবি করে আমাকে অযোগ্য আখ্যা দিচ্ছেন, তাদের উদ্দেশ্য ভিন্ন। দলীয় চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী যদি মনে করেন আমি অযোগ্য এবং আমাকে পদত্যাগ করতে বলেন, তাহলে এক মুহূর্তও দেরি না করে আমি পদত্যাগ করব।’
নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর কাছে আমার আকুল আবেদন, তিনি যেন নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমার ওপর চলা দীর্ঘদিনের রাজনৈতিক চক্রান্তের ন্যায়বিচার করেন।’
নির্বাচনের আগে মনোনয়নকে কেন্দ্র করেও তার বিরুদ্ধে অপপ্রচার হয়েছিল দাবি করে এমপি বাবুল বলেন, ‘দলীয় নেতৃত্ব তদন্তের মাধ্যমে সত্যতা যাচাই করে তাকে মনোনয়ন দেয়।’
নির্বাচনে জয়লাভের পরও একটি মহল তার বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে বলে অভিযোগ করেন তিনি।
তার ভাষ্য, ‘এরা শুধু আমার ব্যক্তিগত ক্ষতি করছে না, পুরো শহীদ জিয়ার পরিবারের ভাবমূর্তি ক্ষুন্ন করছে। তারা মনে-প্রাণে চায় না এই আসনটি জাতীয়তাবাদী দলের দখলে থাকুক।’
এ সময় নেতাকর্মীদের দলীয় ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে।’
অনুষ্ঠানের শুরুতে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম ১৮০ দিনের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।
পরে তৃণমূলের নেতারা বক্তব্যে দাবি করেন, নির্বাচনের আগে স্থানীয় বিএনপির অভ্যন্তরীণ বিরোধ থাকলেও রোকন উদ্দিন বাবুল বিপুল ভোটে জয়ী হন। বর্তমানে একটি মহল তার উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে অপপ্রচার চালাচ্ছে বলেও অভিযোগ করেন তারা।
এ সময় কথিত চক্রান্তকারীদের দলীয়ভাবে বয়কটের দাবি জানান কয়েকজন তৃণমূল নেতা।
সভায় আদিতমারী ও কালীগঞ্জ উপজেলা বিএনপি এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



