ময়মনসিংহের গৌরীপুর ও ফুলপুর উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় এক কলেজছাত্রী ও তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। দুই পরিবারের শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।
মঙ্গলবার (২৩ জুন) বিকেলে গৌরীপুর উপজেলার মাওহা ইউনিয়নের বীর আহাম্মদপুর গ্রামে বজ্রপাতে নিহত হন রিমি আক্তার (২০) নামে এক কলেজছাত্রী।
তিনি ওই গ্রামের হুমায়ুন কবিরের মেয়ে এবং গৌরীপুর সরকারি কলেজের অনার্সের শিক্ষার্থী ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, বিকেলে বৃষ্টির মধ্যে নিজের পালিত হাঁস আনতে বাড়ির বাইরে যান রিমির বাবা। এ সময় বজ্রপাত শুরু হলে তাকে ঘরে ফেরাতে রিমি বাইরে বের হয়ে বাবাকে ডাকতে যান। ঠিক তখনই বজ্রপাতে গুরুতর আহত হন তিনি। পরে স্বজনরা উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।
অন্যদিকে, একইদিন (২২ জুন) বিকেলে ফুলপুর উপজেলার বালিয়া ইউনিয়নের বেলটিয়া বালিয়া গ্রামে বজ্রপাতে শামীমা আক্তার (৮) নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি স্থানীয় চা-দোকানি আবুল হোসেনের একমাত্র মেয়ে।
স্থানীয়রা জানান, বিকেলে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি শুরু হলে বজ্রপাতের ঘটনা ঘটে। এ সময় বাড়ির পাশে বজ্রপাতে গুরুতর আহত হয় শামীমা।
পরে তাকে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ‘বজ্রপাতে শিশুটির মৃত্যু হয়েছে এবং এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
এদিকে, ঘন ঘন বজ্রপাতের ঘটনায় জনমনে আতঙ্ক বিরাজ করছে।
বিশেষজ্ঞরা খোলা জায়গায় অবস্থান না করা এবং বজ্রপাতের সময় নিরাপদ আশ্রয়ে থাকার জন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।



