সিলেটে লন্ডন, বেঙ্গলসহ অনুমোদনহীন ৫ স্লিপার বাসকে জরিমানা

সিলেট-ঢাকা মহাসড়কে অনুমোদনহীনভাবে চলাচলকারী স্লিপার বাসের বিরুদ্ধে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
সিলেটে লন্ডন, বেঙ্গলসহ অনুমোদনহীন ৫ স্লিপার বাসকে জরিমানা
সিলেটে লন্ডন, বেঙ্গলসহ অনুমোদনহীন ৫ স্লিপার বাসকে জরিমানা |নয়া দিগন্ত

সিলেট-ঢাকা মহাসড়কে অনুমোদনহীনভাবে চলাচলকারী স্লিপার বাসের বিরুদ্ধে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে সিলেট নগরীর কদমতলী বাস টার্মিনাল ও হুমায়ুন রশীদ চত্বর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে সিলেট-ঢাকা মহাসড়কে স্লিপার বাস পরিচালনাকারী পাঁচটি পরিবহন প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা করে মোট ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে এসব পরিবহনকে সতর্ক করা হয়েছে।

জরিমানা করা প্রতিষ্ঠানগুলো হলো—লন্ডন এক্সপ্রেস, প্যারাডাইস এক্সপ্রেস, জেদ্দা পরিবহন, বেঙ্গল পরিবহন ও ইম্পেরিয়াল পরিবহন।

এর সত্যতা নিশ্চিত করে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (শিক্ষা ও কল্যাণ শাখা) মো: পারভেজ বলেন, মহাসড়কে স্লিপার বাস চলাচলের কোনো অনুমোদন নেই। এরপরও বিভিন্ন কোম্পানি অনুমোদন ছাড়াই স্লিপার বাস পরিচালনা করছে। প্রথম দিনের অভিযানে পাঁচটি প্রতিষ্ঠানকে জরিমানা ও সতর্ক করা হয়েছে। এরপরও তারা স্লিপার বাস চলাচল অব্যাহত রাখলে বাস জব্দ, মামলা করাসহ আরও কঠোর পদক্ষেপ নেয়া হবে।

বিআরটিএ সূত্র জানিয়েছে, সাধারণ এসি বাস হিসেবে সড়কে চলাচলের অনুমোদন নিয়ে এসব পরিবহনকে ডাবল ডেকার স্লিপার বাসে রূপান্তর করে মহাসড়কে চালানো হচ্ছে। এসব গাড়ির চেসিস, ইঞ্জিন ও বডি সাধারণ বাসের। অনুমোদনহীনভাবে এ ধরনের বাস চলাচল করায় সিলেট-ঢাকা মহাসড়কে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

উল্লেখ্য, গত ৭ আগস্ট সকালে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরে ইউনিক পরিবহন ও বেঙ্গল পরিবহনের স্লিপার বাসের মুখোমুখি সংঘর্ষে ৯ জন নিহত হন। এর মধ্যে বেঙ্গল পরিবহনের বাসটি ছিল ডাবল ডেকার স্লিপার বাস। ওই দুর্ঘটনার পর সিলেট-ঢাকা মহাসড়কে ডাবল ডেকার স্লিপার বাস চলাচলের বৈধতা ও নিরাপত্তা নিয়ে আলোচনা শুরু হয়। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার এ অভিযান শুরু করা হলো।

সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক জিয়াউল হক পলাশ বলেন, ‘সড়কে যেসব গাড়ি স্লিপার বাস হিসেবে চলাচল করছে, সেগুলোর চেসিস ও বডি সাধারণ বাসের। ফলে জরুরি বা ঝুঁকিপূর্ণ মুহূর্তে এসব গাড়ি ভারসাম্য ধরে রাখতে পারে না। এ কারণেই দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়।’