বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) অনুষ্ঠিত তিন দিনব্যাপী তৃতীয় বিকেএসপি কাপ জিমন্যাস্টিকস প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২৬ জুন) দুপুরে বিকেএসপি-এর জনসংযোগ কর্মকর্তা মো: আশরাফুজ্জামান এ তথ্য জানান।
প্রতিযোগিতায় আয়োজক প্রতিষ্ঠান বিকেএসপির পাশাপাশি কোয়ান্টাম কসমো স্কুল অ্যান্ড কলেজ, বান্দরবান এবং ঢাকা জেলা ক্রীড়া সংস্থা অংশগ্রহণ করেন। মোট ৫০ জন জিমন্যাস্ট এ প্রতিযোগিতায় নিজেদের দক্ষতা ও নৈপুণ্য প্রদর্শন করেন।
প্রতিযোগিতায় দলগতভাবে বিকেএসপির ছেলে ও মেয়ে উভয় দলই অসাধারণ কৃতিত্বের স্বাক্ষর রেখে চ্যাম্পিয়ন হয়। অন্যদিকে কোয়ান্টাম কসমো স্কুল অ্যান্ড কলেজ দলগতভাবে রানার্সআপ হয়।
ছেলেদের ১০টি ইভেন্টে বিকেএসপি চারটি স্বর্ণ, সাতটি রৌপ্য ও পাঁচটি তাম্রপদক অর্জন করে।
মেয়েদের ছয়টি ইভেন্টে বিকেএসপি ছয়টি স্বর্ণ, পাঁচটি রৌপ্য ও তিনটি তাম্রপদক লাভ করে।
সব মিলিয়ে বিকেএসপি মোট ১০টি স্বর্ণ, ১২টি রৌপ্য ও আটটি তাম্রপদক অর্জন করে দলগত চ্যাম্পিয়ন ট্রফি জিতে নেয়। অন্যদিকে কোয়ান্টাম কসমো স্কুল অ্যান্ড কলেজ ছেলেদের বিভাগে ছয়টি স্বর্ণ, একটি রৌপ্য ও তিনটি তাম্র এবং মেয়েদের বিভাগে একটি রৌপ্য ও চারটি তাম্রপদকসহ মোট ছয়টি স্বর্ণ, দুইটি রৌপ্য ও সাতটি তাম্রপদক অর্জন করে দলগত রানার্সআপ ট্রফি লাভ করে।
প্রতিযোগিতায় বিকেএসপির কৃতি জিমন্যাস্ট বনফুলী চাকমা চারটি ইভেন্টে অংশগ্রহণ করে চারটিতেই স্বর্ণপদক অর্জন করে সেরা জিমন্যাস্ট নির্বাচিত হয়।
সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিকেএসপির পরিচালক (প্রশিক্ষণ) কর্নেল মো: গোলাম মাবুদ হাসান। তিনি বিজয়ীদের হাতে ট্রফি, পদক ও সনদপত্র তুলে দেন। এ সময় বিকেএসপির উপ-পরিচালক (প্রশিক্ষণ), জিমন্যাস্টিক বিভাগের চিফ কোচ, প্রশিক্ষকবৃন্দ এবং অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আয়োজকরা মনে করেন, বিকেএসপি কাপ জিমন্যাস্টিক প্রতিযোগিতা দেশের উদীয়মান জিমন্যাস্টদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব, আত্নবিশ্বাস ও দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং জাতীয় পর্যায়ে জিমন্যাস্টিকসের উন্নয়নে ইতিবাচক অবদান রাখবে।



