সুন্দরবনে অপহরণের পর বনবিভাগের বেতার চালকসহ ৩ জনের মুক্তি

তিন দিন নিখোঁজ থাকার পরে শুক্রবার সকালে দুবলা অফিসের বেতার চালক দুবলায় ফিরে এসেছেন। দস্যুরা শুক্রবার ভোর রাতে সুন্দরবনের আমবাড়ীয়া এলাকায় চোখ বেঁধে তাকেসহ তিনজনকে ছেড়ে দিয়ে যায়।

শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা

Location :

Bagerhat
বনকর্মী ফরিদুল
বনকর্মী ফরিদুল |নয়া দিগন্ত

পূর্ব সুন্দরবনে অপহরণের তিন দিন পরে বনদস্যুদের কবল থেকে মুক্তি পেয়েছেন বন বিভাগের বেতার চালকসহ তিনজন।

শুক্রবার (১২ জুন) ভোর রাতে বনদস্যুরা বনকর্মী ফরিদুলসহ তিন জনকে ছেড়ে দিয়েছেন।

মঙ্গলবার (৯ জুন) বিকেলে বনদস্যু জাহাঙ্গীর বাহিনী সুন্দরবনের কালামিয়া এলাকা থেকে দুবলা ফরেস্ট টহল ফাঁড়ির বেতার চালক ফরিদুলসহ দুই জেলেকে অপহরণ করে নিয়ে যায়।

বনবিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবন পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জের জেলেপল্লী দুবলা ফরেষ্ট টহল ফাঁড়ির বেতার চালক মো: ফরিদুল ইসলাম জামালপুরের বাড়িতে ছুটি কাটিয়ে মঙ্গলবার দুপুর ১২টার দিকে পাথরঘাটার পদ্মা স্লুইস থেকে দুবলা অফিসে যাওয়ার জন্য তোফাজ্জেল সরদারের ট্রলার যোগে রওয়ানা হয়ে যায়। ট্রলারের মাঝি তোফাজ্জেলের সহকারী মো: আলকাস ছিল। ট্রলারটি ওই দিন বিকেল ৫টার দিকে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কালামিয়া এলাকা অতিক্রমের সময় বনদস্যু জাহাঙ্গীর বাহিনী ট্রলারটিতে হামলা করে বেতার চালক ফরিদুলসহ ট্রলার আরোহী তিনজনকে অপহরণ করে সুন্দরবনের অজ্ঞাত স্থানে আটকে রাখে।

এদিকে, বনকর্মী বেতার চালকের কোনো সন্ধান না পেয়ে শরণখোলা ফরেষ্ট ষ্টেশন কর্মকর্তা ফরেস্ট রেঞ্জার মো: খলিলুর রহমান বৃহস্পতিবার বিকেলে শরণখোলা থানায় একটি জিডি করেছেন। শুক্রবার ভোর রাতে বনদস্যুরা বনকর্মী ফরিদুলসহ তিন জনকে ছেড়ে দিয়েছেন।

সুন্দরবন পূর্ব বন বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো: রেজাউল করীম চৌধুরী জানান, তিন দিন নিখোঁজ থাকার পরে শুক্রবার সকালে দুবলা অফিসের বেতার চালক দুবলায় ফিরে এসেছেন। দস্যুরা শুক্রবার ভোর রাতে সুন্দরবনের আমবাড়ীয়া এলাকায় চোখ বেঁধে বেতার চালকসহ তিনজনকে ছেড়ে দিয়ে যায়। নিখোঁজ বনকর্মীর সন্ধানে তিন দিন ধরে সুন্দরবনে ড্রোন উড়িয়ে ব্যাপক তল্লাশি কার্যক্রম চালানো হয়। দুবলা যাওয়ার পথে ৯ জুন বিকেলে সুন্দরবনের কালামিয়া এলাকায় বনদস্যু জাহাঙ্গীর বাহিনী বেতার চালক ফরিদুলসহ ট্রলার মাঝি ও তার সহকারীকে অপহরণ করে আটকে রেখে ছিলো।

বনকর্মী পরিচয় পেয়ে দস্যুরা কোনো মুক্তিপণ দাবি করেনি বলেও জানান তিনি।