‘দেশে বালু ও মাটি দস্যুতা বর্তমানে চরম পর্যায়ে পৌঁছেছে’ জানিয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘সারা দেশে এসব বন্ধে প্রশাসনকে ১০ দফা স্পষ্ট নির্দেশনা দেয়া হয়েছে।’
সোমবার (১৯ মে) দুপুরের দিকে রাজশাহীর চারঘাটের বড়াল নদের উৎসমুখ পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।
সম্প্রতি স্থানটি থেকে ইজারা ছাড়া মাটি ও বালু তুলছিলেন স্থানীয় বিএনপির কিছু নেতা। এতে পাশে থাকা বাংলাদেশ পুলিশ অ্যাকাডেমি, উপজেলা কমপ্লেক্সসহ গুরুত্বপূর্ণ স্থাপনা হুমকির মুখে পড়েছে। বড়াল নদের প্রবাহ ফিরিয়ে আনার উদ্যোগের অংশ হিসেবে এদিন পদ্মা-বড়ালের ওই উৎসমুখ পরিদর্শনে যান রিজওয়ানা হাসান।
এসময় সৈয়দা রিজওয়ানা হাসান আরো বলেন, ‘বড়াল নদের প্রবাহ ফিরিয়ে আনতে বর্তমান সরকার বদ্ধপরিকর। বড়াল নদের প্রবাহ ফিরিয়ে আনতে সমন্বিত পদক্ষেপ নেয়া হচ্ছে। এজন্য ভরাট হয়ে যাওয়া নদের ১৮ কিলোমিটার পুনঃখনন করা হবে এবং নদীর মুখের স্লুইসগেট অপসারণ করা হবে।’
উপদেষ্টা বলেন, ‘পদ্মার নদীর পানির ন্যায্য হিস্যা বুঝে নিতে সরকার কাজ করছে। যথাসময়ে ভারতের সাথে ফারাক্কা চুক্তি নবায়ন করা হবে। আর ভারতের কাছ থেকে পদ্মা নদীর ন্যায্য হিস্যা পেতে অন্তর্বর্তী সরকার আন্তরিকভাবে কাজ করছে।’
এসময় রাজশাহী পনি উন্নয়ন বোর্ড (পাউবো), পরিবেশ অধিদফতরসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা ও উপদেষ্টার সফরসঙ্গীরা উপস্থিত ছিলেন।



