ভোলার বোরহানউদ্দিনে তেতুলিয়া নদীতে ডুবে নিখোঁজ হওয়ার ২০ ঘণ্টা পর মো: জোবায়ের (৪) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে স্বজন ও স্থানীয়রা।
শুক্রবার (৫ জুন) সকাল ৮টার দিকে তেতুলিয়া নদীর খেয়াঘাট খালের মুখ এলাকায় ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
নিহত জোবায়ের উপজেলার সাচড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গোবিন্দপুর গ্রামের নুরনবী ও শিউলীর ছেলে।
স্থানীয় ও পরিবার জানায়, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে জোবায়ের বাড়ি থেকে বের হয়ে বেড়িবাঁধের ওপর অন্য শিশুদের সাথে খেলাধুলা করছিল। একপর্যায়ে সে নদীর তীরে বাঁধা একটি নৌকায় উঠে বসে। পরে তাকে আর দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। ধারণা করা হচ্ছে, সবার অগোচরে নৌকা থেকে তেতুলিয়া নদীতে পড়ে গিয়ে সে নিখোঁজ হয়। পরে শুক্রবার সকালে তেতুলিয়ে নদীর খেয়াঘাটের খালের মুখ এলাকা থেকে তার ভাসমান লাশ উদ্ধার করা হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, আজ বেলা ১১টার দিকে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে লাশ দাফনের অনুমতি দেয়া হয়।



