জকিগঞ্জে একই ফ্যানের সাথে ঝুলন্ত মা-মেয়ের লাশ উদ্ধার

পুলিশ জানায়, ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ জানার পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

জকিগঞ্জ (সিলেট) সংবাদদাতা

Location :

Zakiganj
জকিগঞ্জ থানা
জকিগঞ্জ থানা |নয়া দিগন্ত

সিলেটের জকিগঞ্জে নিজ ঘরে একই ফ্যানের সাথে মা ও মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। মৃত নারী গর্ভবতী ছিলেন বলে জানা গেছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার বারহাল ইউনিয়নের বুরহানপুর গ্রামের দাশপাড়ায় এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন উপজেলার শাহগলী বাজারের স্বর্ণ ব্যবসায়ী রতন দাশের স্ত্রী চম্পা রাণী দাশ (৩৫) ও তাদের মেয়ে রৃদি দাশ (৪)।

স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী জানান, শনিবার সন্ধ্যার দিকে বুরহানপুর গ্রামের দাশপাড়ায় চম্পা ও তার ছোট মেয়েকে ঘরের ভেতর একই ফ্যানে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন সেখানে ছুটে যান।

তিনি বলেন, ‘ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। নারীটি গর্ভবতী ছিলেন বলে আমরা জানতে পেরেছি। কি কারণে তিনি এমন ঘটনা ঘটিয়েছেন, তা এখনো জানা যায়নি। খবর পেয়ে জকিগঞ্জ থানার পুলিশকে জানানো হয়েছে।’

তাদের মৃত্যুর পেছনে কোনো পারিবারিক, আর্থিক কিংবা অন্য কোনো কারণ ছিল কিনা, তাৎক্ষণিকভাবে কেউ নিশ্চিত করতে পারেননি।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, ‘ঘটনার খবর পাওয়ার সাথে সাথে জকিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো: সুজন মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি সরেজমিনে তদন্ত করবে ও লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ জানার পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’