সিলেটে এবার গলায় রামদা ঠেকিয়ে ২ লাখ টাকা ছিনতাই

শুক্রবার দিবাগত রাত প্রায় ১২টার দিকে কাজ শেষে বাড়ি ফেরার পথে কুমারগাঁও বাসস্টেশন এলাকায় তিনটি মোটরসাইকেলে আসা ছয়জন ছিনতাইকারী অপুকে ঘিরে ধরে। এ সময় হেলমেট ও মাস্ক পরা ছিনতাইকারীরা অপু ও তার চাচাত ভাইয়ের গলায় রামদা ঠেকিয়ে তার সাথে থাকা সবকিছু দিতে বলে।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
রামদা ঠেকিয়ে ব্যবসায়ীর দুই লাখ টাকা ছিনতাই
রামদা ঠেকিয়ে ব্যবসায়ীর দুই লাখ টাকা ছিনতাই |নয়া দিগন্ত গ্রাফিক্স

পুলিশের ধারাবাহিক সাড়াশি অভিযানেও সিলেটে থামছে না ছিনতাই। নগরীতে এবার ব্যবসায়ীর গলায় রামদা ঠেকিয়ে দুই লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৩ মার্চ) রাত ২টার দিকে নগরীর কুমারগাঁও বাসস্টেশন এলাকায় এ ঘটনাটি ঘটে। ছিনতাইকারীরা ব্যবসায়ীর নগদ টাকাসহ তিনটি মোবাইলফোন ছিনিয়ে নেয়।

ছিনতাইয়ের শিকার অপু সদর উপজেলার শেখপাড়া গ্রামের বাসিন্দা এবং ফ্লেক্সিলোড ও ইলেকট্রনিক সামগ্রী বিক্রেতা বলে জানা গেছে।

এর আগে, সিলেট নগরীর হাউজিং এস্টেট ও সাগরদিঘীরপাড় এলাকায় প্রকাশ্যে দু’টি চাঞ্চল্যকর ছিনতাইয়ের ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে নড়েচড়ে বসে প্রশাসন। চালানো হচ্ছে বিশেষ সাড়াশি অভিযান। গত পাঁচ দিনে গ্রেফতার হয়েছেন পাঁচ শতাধিক। এরপরও থামেনি ছিনতাই। ফলে জনমনে বাড়ছে উদ্বেগ ও উৎকণ্ঠা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাত প্রায় ১২টার দিকে কাজ শেষে বাড়ি ফেরার পথে কুমারগাঁও বাসস্টেশন এলাকায় তিনটি মোটরসাইকেলে আসা ছয়জন ছিনতাইকারী অপুকে ঘিরে ধরে। এ সময় হেলমেট ও মাস্ক পরা ছিনতাইকারীরা অপু ও তার চাচাত ভাইয়ের গলায় রামদা ঠেকিয়ে তার সাথে থাকা সবকিছু দিতে বলে। প্রাণভয়ে ওই ব্যবসায়ী তাদের কাছে থাকা নগদ টাকা ও মোবাইলফোন দিয়ে দেন। মুহূর্তের মধ্যেই ছিনতাইকারীরা দ্রুত এলাকা ত্যাগ করে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হাবিব বলেন, এ ঘটনায় থানায় জিডি করা হয়েছে। অপরাধীদের সনাক্ত করতে পুলিশ কাজ করছে।

উল্লেখ্য, এর আগে গত ২৪ ফেব্রুয়ারি নগরীর অভিজাত হাউজিং এস্টেট এলাকায় এক নারী ছিনতাইয়ের শিকার হন। সেই ঘটনার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এ ঘটনার নয় দিন পর গত ৫ মার্চ সকালে নগরীর সাগরদিঘীর পাড় এলাকার ৩ নম্বর সড়কে এক কলেজছাত্রী ছিনতাইয়ের শিকার হন। ওই ঘটনারও সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।