সুনামগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালের কার্যক্রম চালুর দাবিতে সিলেটে মানববন্ধন

প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ শেষ হলেও এক বছর ধরে হাসপাতালটি চালু করা হচ্ছে না। এতে একদিকে শিক্ষার্থীরা হাতে-কলমে শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে, অন্যদিকে জেলার সাধারণ মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
সুনামগঞ্জ মেডিক্যাল কলেজ ক্যাম্পাস চালু ও হাসপাতালের কার্যক্রম দ্রুত চালুর দাবিতে মানববন্ধন
সুনামগঞ্জ মেডিক্যাল কলেজ ক্যাম্পাস চালু ও হাসপাতালের কার্যক্রম দ্রুত চালুর দাবিতে মানববন্ধন |নয়া দিগন্ত

সুনামগঞ্জ মেডিক্যাল কলেজ ক্যাম্পাস চালু ও হাসপাতালের কার্যক্রম দ্রুত চালুর দাবিতে সিলেটে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

রোববার (৫ জুলাই) দুপুরে সিলেট নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শান্তিগঞ্জ সমিতি সিলেটের উদ্যোগে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সিলেটে অবস্থানরত সুনামগঞ্জের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

শান্তিগঞ্জ সমিতি সিলেটের সভাপতি ও ব্যাংকার মো: কবিরুল ইসলামের সভাপতিত্বে ও সমিতির যুগ্ম সম্পাদক দৈনিক নয়া দিগন্তের সিলেট ব্যুরোর স্টাফ রিপোর্টার এম জে এইচ জামিলের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক ও মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক এমদাদুল হক স্বপন।

এ সময় বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ সমিতি সিলেটের সিনিয়র সহ-সভাপতি হযরত আলী তালুকদার, সহ-সভাপতি শোয়েব আহমদ, মো: মশিউর রহমান ও মো: তালেব হোসেন, যুগ্ম সম্পাদক বশির আহমদ, সিলেটস্থ মনাফ ফাউন্ডেশনের সভাপতি মো: শাহ আলম, শান্তিগঞ্জ সমিতির সহ-দফতর সম্পাদক রাফি মিজান ও কার্যকরী সদস্য সোহাগ ভূঁইয়া প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, হাওরপাড়ের মানুষের দীর্ঘদিনের স্বপ্নের ফসল সুনামগঞ্জ মেডিক্যাল কলেজে ৫০০ শয্যার হাসপাতালের প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ শেষ হলেও এক বছর ধরে হাসপাতালটি চালু করা হচ্ছে না। এতে একদিকে শিক্ষার্থীরা হাতে-কলমে শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে, অন্যদিকে জেলার সাধারণ মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

সবকিছু প্রস্তুত থাকা সত্ত্বেও জনবল নিয়োগ ও লজিস্টিক সাপোর্টের অভাবে হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত মেডিক্যাল কলেজ ও হাসপাতাল চালুতে বিলম্ব হওয়া সুনামগঞ্জ জেলার মানুষ মেনে নেবে না। অবিলম্বে কলেজে পূর্ণাঙ্গ অ্যাকাডেমিক ক্লাস ও হাসপাতালের কার্যক্রম চালুর জন্য প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর প্রতি জোর দাবি জানান তারা।