লালমনিরহাট ব্যাটালিয়নের (১৫ বিজিবি) অভিযানে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ঘাঘলা বাজার এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় প্যান্ট পিছ জব্দ করা হয়েছে। জব্দকৃত কাপড়ের পরিমাণ প্রায় ১ হাজার ৫০০ মিটার, যার আনুমানিক বাজার মূল্য ৩০ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।
বৃহস্পতিবার (৭ মে) সকাল ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে ঘাঘলা বাজার ও আশপাশের এলাকায় বিশেষ নজরদারি বাড়ানো হয় বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
বিজিবি সূত্র জানায়, সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতীয় কাপড় বাংলাদেশে প্রবেশ করানো হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে আগে থেকেই সেখানে টহল জোরদার করা হয়েছিল। পরে সন্দেহজনক একটি ব্যাটারিচালিত অটোভ্যান বাজার এলাকায় প্রবেশ করলে বিজিবি সদস্যরা সেটিকে থামানোর সংকেত দেন।
এ সময় টহল দলের উপস্থিতি টের পেয়ে অটোভ্যানে থাকা চোরাকারবারীরা দ্রুত পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া অটোভ্যান তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় প্যান্ট পিছ উদ্ধার করা হয়। জব্দকৃত কাপড়ের মধ্যে বিভিন্ন রঙ ও ডিজাইনের কাপড় ছিল, যা স্থানীয় বাজারে বিক্রির উদ্দেশ্যে আনা হয়েছিল বলে ধারণা করছে বিজিবি।
বিজিবি আরো জানায়, সীমান্তবর্তী এলাকায় অবৈধ পণ্য প্রবেশ, মাদক ও অন্যান্য চোরাচালান ঠেকাতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে ভারতীয় কাপড়, কসমেটিকস ও বিভিন্ন ভোগ্যপণ্য চোরাইপথে দেশে আনার প্রবণতা বাড়ায় নজরদারি বাড়ানো হয়েছে।
লালমনিরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, ‘সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও টহল কার্যক্রম আরো জোরদার করা হয়েছে। সীমান্ত সুরক্ষায় বিজিবি সবসময় কঠোর অবস্থানে রয়েছে এবং কোনো ধরনের অবৈধ কার্যক্রম বরদাশত করা হবে না। জব্দকৃত কাপড়ের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।’



