নোয়াখালী অফিস
উৎসবমুখর পরিবেশে নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের (এনইউজে) উদ্যোগে ‘ফল উৎসব-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে নোয়াখালী প্রেস ক্লাব অডিটোরিয়ামে এ উৎসবের আয়োজন করা হয়। এতে প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষাবিদ ও জেলায় কর্মরত বিপুলসংখ্যক সাংবাদিক অংশ নেন।
নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি লিয়াকত আলী খানের সভাপতিত্বে এবং সিনিয়র সহ-সভাপতি আজাদ ভূঁইয়া ও দপ্তর সম্পাদক নাসিম শুভর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ভিসি অধ্যাপক ড. গোলাম রব্বানী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নোয়াখালী জেলা আমির ইসহাক খন্দকার, জেলা সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা মো. মনির হোসেন এবং নোবিপ্রবির ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ড. আব্দুল কাইয়ুম মাসুদ।
এ ছাড়া জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ইউসুফ আলী, নোয়াখালী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ কাজী মোহাম্মদ রফিক উল্লাহসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ভিসি অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, দেশের পরিবর্তিত প্রেক্ষাপটে রাজনৈতিক সহাবস্থান ও গণতান্ত্রিক সংস্কৃতির বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণই তাদের প্রতিনিধিকে নির্বাচন করবে, যা গণতন্ত্রের মূল সৌন্দর্য।
প্রেস ক্লাবে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের একসঙ্গে উপস্থিতির প্রশংসা করে তিনি বলেন, ভিন্নমত থাকলেও পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহযোগিতার মাধ্যমে সমাজ ও রাষ্ট্রকে এগিয়ে নেয়া সম্ভব। নোয়াখালীর উন্নয়ন ও শিক্ষা-সাংস্কৃতিক অগ্রগতির জন্য প্রশাসন, রাজনৈতিক দল, সাংবাদিক ও নাগরিক সমাজকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বক্তারা বাঙালির ঐতিহ্যবাহী ফল উৎসবের আয়োজনের জন্য নোয়াখালী সাংবাদিক ইউনিয়নকে ধন্যবাদ জানান। তারা পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক সম্প্রীতি জোরদারে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।
ফল উৎসবে দেশীয় ও মৌসুমি প্রায় ২০ ধরনের ফলের সমাহারে নান্দনিক পরিবেশ সৃষ্টি করা হয়, যা অতিথিদের প্রশংসা কুড়ায়। অনুষ্ঠান শেষে অতিথিদের বিভিন্ন রকমের রসালো ও সুস্বাদু ফল দিয়ে আপ্যায়ন করা হয়।
অনুষ্ঠানে নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার সাইফুল্লাহকামরুল, এনটিভির স্টাফ রিপোর্টার মাসুদ পারভেজ, নয়া দিগন্তের স্টাফ রিপোর্টার মোহাম্মদ হানিফ ভূঁইয়াসহ সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে কর্মরত সাংবাদিক এবং সংগঠনের উপদেষ্টারা উপস্থিত ছিলেন।



