সাভার (ঢাকা) সংবাদদাতা
সাভারে কিশোরকে নির্যাতন করে দুই চোখ নষ্ট করার অভিযোগে আলোচিত মামলার প্রধান আসামি, বহিষ্কৃত ছাত্রদল নেতা মাহাবুব হোসেন সামির ওরফে ফেন্সি সামিরকে (৩২) গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর ৩টার দিকে রাজধানীর সদরঘাট জংশন রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নয়াদিগন্তকে নিশ্চিত করেন মামলার তদন্ত কর্মকর্তা (এসআই) আব্দুল ওহাব।
গ্রেফতার সামির সাভার থানা ছাত্রদলের বহিষ্কৃত সাধারণ সম্পাদক ও সাভারের দেওগাঁও এলাকার মতিউর রহমানের ছেলে।
এসআই আব্দুল ওহাব জানান, সামিরের বিরুদ্ধে কিশোর রিপন দাসের (১৫) দুই চোখ নষ্ট করাসহ ব্যাপক নির্যাতন, মাদক ব্যবসা, চাঁদাবাজি, কিশোর গ্যাং পরিচালনা, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ নানা অভিযোগ ও মামলা রয়েছে। সম্প্রতি সাভারে সংঘটিত কিশোর রিপনকে মারধর করে দুই চোখ নষ্ট করার অভিযোগসহ দু’টি আলোচিত মামলার প্রধান আসামি হিসেবে তিনি পলাতক ছিলেন।
সম্প্রতি সাভারের মধ্য রাজাশনের পালোয়ানপাড়া এলাকায় সমবয়সী কয়েকজনের সাথে খেলাধুলা করার সময় রিপনের সাথে স্থানীয় আরেক কিশোরের সাথে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রিপনকে সামিরের অফিস কক্ষে নিয়ে, তার নির্দেশে তার সহযোগীরা দেয়ালের সাথে মাথা আছড়ে এবং লাঠি দিয়ে রিপনের দুই চোখে আঘাত করে। স্বজনদের ভাষ্যমতে, এতে তার দু’টি চোখ নষ্ট হয়ে যায়।



