রাজবাড়ী জেলা কারাগারে হাজতির মৃত্যু

রাজবাড়ী জেলা কারাগারে অস্ত্র ও মারামারিসহ সাতটি মামলার আসামি তুষার বিশ্বাস (৪২) নামের এক হাজতির মৃত্যু হয়েছে।

রাজবাড়ী প্রতিনিধি

Location :

Rajbari
রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগ
রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগ |নয়া দিগন্ত

রাজবাড়ী জেলা কারাগারে অস্ত্র ও মারামারিসহ সাতটি মামলার আসামি তুষার বিশ্বাস (৪২) নামের এক হাজতির মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) সকাল ১১টার দিকে কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত রাজবাড়ী সদর হাসপাতালে নেয়া হয়।

রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের মেডিক্যাল অফিসার ডা: মোহাম্মদ ফরহাদ হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, কারাগার থেকে হাসপাতালে আনার আগেই তুষার বিশ্বাসের মৃত্যু হয়েছে। হাসপাতালে পৌঁছানোর পর ইসিজি পরীক্ষার মাধ্যমে চিকিৎসকেরা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

মৃত তুষার বিশ্বাস রাজবাড়ী জেলার পাংশা উপজেলার নাওড়া বনগ্রাম নতুনপাড়া এলাকার শশধর বিশ্বাসের ছেলে।

রাজবাড়ী জেলা কারাগারের জেলার মো: মামুনুর রশিদ জানান, সকালে নাশতা করার পর তুষার বিশ্বাস হঠাৎ বুকে ব্যথার কথা জানান। তাৎক্ষণিকভাবে কারাগারের হাসপাতালে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয় এবং রক্তচাপসহ প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হয়।

কিন্তু অবস্থার অবনতি হতে থাকলে দ্রুত তাকে রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়। পথেই তিনি মারা যান। পরে লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, তুষার বিশ্বাসের বিরুদ্ধে পাংশা থানায় হত্যা, অস্ত্র ও মারামারিসহ ছয়টি এবং গোয়ালন্দ ঘাট থানায় একটি— মোট সাতটি মামলা বিচারাধীন রয়েছে।

এর মধ্যে তিনটি মামলায় তিনি জামিনে ছিলেন। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।