বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে তিনটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট, ট্রলিং জাল ও বিপুল পরিমাণ সামুদ্রিক মাছসহ ৩৭ জেলেকে আটক করেছে কোস্ট গার্ড।
শুক্রবার (৬ মার্চ) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে গত ৪ মার্চ দুপুরে কোস্ট গার্ড জাহাজ সোনার বাংলা মোংলা ফেয়ারওয়ে বয় থেকে ২০ নটিক্যাল মাইল দক্ষিণ পশ্চিম গভীর সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে তিনটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করে।
এ সময় জব্দকৃত বোট তল্লাশি করে প্রায় আট লাখ টাকা মূল্যের ৯০০ মিটার ট্রলিং জাল ও আনুমানিক দু’ হাজার কেজি সামুদ্রিক মাছসহ ৩৭ জেলেকে আটক করা হয়।
পরে, মোংলা উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত আর্টিসানাল ট্রলিং বোট এবং অন্যান্য আলামতসহ আটককৃত জেলেদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোংলা থানায় হস্তান্তর করা হয়।
মৎস্যসম্পদ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে কোস্ট গার্ড। বাসস



