সংবিধানের ৫১ অনুচ্ছেদের দোহাই দিয়ে সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর গ্রেফতার ঠেকানো যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন এমপি। তিনি বলেন, সংবিধানের এই অনুচ্ছেদে তার গ্রেফতারের বিরুদ্ধে আর কোনো ধরনের আইনি সুরক্ষা অবশিষ্ট নেই।
রোববার (২৬ জুলাই) রাত সাড়ে ৯টায় চুয়াডাঙ্গার জীবননগর মুক্তমঞ্চে এনসিপি আয়োজিত ‘জুলাই জাগরণ’ পদযাত্রা ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ন্যায়, গণতন্ত্র, অধিকার ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এই পথসভার আয়োজন করা হয়।
পথসভায় এনসিপির এই সদস্য সচিব বিএনপির ভূমিকা নিয়ে সমালোচনা করে বলেন, দলটির অবস্থান জনগণের বিপক্ষে গিয়ে ঠেকেছে। গণভোটে দেশের ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ ভোটের পক্ষে রায় দিলেও বিএনপি সেই জনরায় বাস্তবায়ন করেনি। এ সময় তিনি অভিযোগ করে আরো বলেন, দলটি নির্বাচন কমিশনসহ রাষ্ট্রীয় সংস্থাগুলোকে দলীয়করণ করার অপচেষ্টা চালাচ্ছে।
জীবননগর মুক্তমঞ্চের এই পথসভায় এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য দেন। সভায় উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম সদস্য সচিব মোল্লা মোহাম্মদ ফারুক আহসান, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার এবং যুগ্ম সদস্য সচিব ডা: মাহমুদা মিতু। এছাড়া উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা মহিউদ্দিন রনি, ফরিদুল হক এবং ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ হাসান।
স্থানীয় নেতাদের মধ্যে সভায় এনসিপি চুয়াডাঙ্গা জেলার আহ্বায়ক খাজা আমিরুল বাশার বিপ্লব, সদস্য সচিব আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক মো: সোহেল পারভেজ, এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো: গোলাম সারোয়ার ছোটন ও মো: আলী রুশদী মজনু উপস্থিত ছিলেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে চুয়াডাঙ্গার সাবেক আহ্বায়ক আসলাম অর্ক, মুখ্য সংগঠক মোস্তাফিজুর রহমান এবং জীবননগর উপজেলার সাবেক সদস্য সচিব হৃদয় অনুষ্ঠানে সংহতি জানান।
পথসভায় জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দও অংশ নেন। তাদের মধ্যে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা জামায়াতের আমির মাওলানা সাজেদুর রহমান, নায়েবে আমির সাখাওয়াত হোসেন, সেক্রেটারি মাহফুজুর রহমান, সাবেক পৌর আমির নূর ইসলাম, সেক্রেটারি ইব্রাহিম খলিল এবং পৌর যুব জামায়াতের সভাপতি আরিফুল ইসলাম জোয়ার্দার।
এর আগে একই দিনে সকালে ঝিনাইদহে এনসিপির ‘জুলাই জাগরণ’ পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়। কর্মসূচির ধারাবাহিকতায় আজ সোমবার বেলা ৩টায় চুয়াডাঙ্গা জেলা সদরে দলটির পরবর্তী পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।



