মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় খতিব ও মুয়াজ্জিন নিহত

জরুরি একটি কাজ শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন জয়নাল আবেদিন ও জহির উদ্দিন। পথে জোরারগঞ্জের চৌধুরীহাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি মাছবাহী পিকআপ তাদের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়।

এম মাঈন উদ্দিন, মিরসরাই (চট্টগ্রাম)

Location :

Mirsharai
নিহত খতিব ও মুয়াজ্জিন
নিহত খতিব ও মুয়াজ্জিন |নয়া দিগন্ত

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মসজিদের খতিব ও মুয়াজ্জিন নিহত হয়েছেন।

রোববার (২ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের চৌধুরীহাট এলাকার পুরাতন ডিটি সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার মঘাদিয়া ইউনিয়নের চরশরৎ এলাকার আব্দুস সালামের ছেলে জয়নাল আবেদিন (৩৫)। তিনি ইছাখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড ওলামাদলের সভাপতি এবং দরগাহপাড়া কালা পীরশাহ জামে মসজিদের খতিব ছিলেন। নিহত অপরজন একই এলাকার মরহুম খোরশেদ আলমের ছেলে জহির উদ্দিন (৫২)। তিনি ওই মসজিদের মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করতেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জরুরি একটি কাজ শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন জয়নাল আবেদিন ও জহির উদ্দিন। পথে জোরারগঞ্জের চৌধুরীহাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি মাছবাহী পিকআপ তাদের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা: শাফায়াত হোসেন বলেন, ‘দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় দুই ব্যক্তিকে হাসপাতালে আনা হলে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করা হয়। বিষয়টি পুলিশ ও স্বজনদের জানানো হয়েছে।’

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ হাসপাতালে যায়। লাশের সুরতহালসহ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’