সিলেটে নবনিযুক্ত চেয়ারম্যান এম এ সালাম

রেড ক্রিসেন্টকে জনকল্যাণমুখী প্রতিষ্ঠানে রূপ দেয়া হবে

রেড ক্রিসেন্ট কোনো সাধারণ সংস্থা নয়; এটি আর্তমানবতার সেবায় নিবেদিত একটি বৈশ্বিক মানবিক আন্দোলন। প্রাকৃতিক দুর্যোগ কিংবা যেকোনো মানবিক সঙ্কটে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকেরা জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন। আগামী দিনেও এই সেবার পরিধি আরো বিস্তৃত ও গতিশীল করতে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

আবদুল কাদের তাপাদার, সিলেট ব্যুরো

Location :

Sylhet
রেড ক্রিসেন্টকে নবনিযুক্ত চেয়ারম্যান ব্যারিস্টার এম এ সালামকে সিলেট ইউনিটের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়
রেড ক্রিসেন্টকে নবনিযুক্ত চেয়ারম্যান ব্যারিস্টার এম এ সালামকে সিলেট ইউনিটের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয় |নয়া দিগন্ত

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে দীর্ঘদিনের সঙ্কট কাটিয়ে আরো জনকল্যাণমুখী ও মানবিক প্রতিষ্ঠানে পরিণত করার অঙ্গীকার করেছেন সংস্থাটির নবনিযুক্ত চেয়ারম্যান ব্যারিস্টার এম এ সালাম। তিনি বলেছেন, রেড ক্রিসেন্টকে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে গড়ে তোলা হবে এবং সরকারের মানবিক কার্যক্রমকে আরো গতিশীল করতে প্রতিষ্ঠানটিকে প্রস্তুত করা হবে।

সোমবার (২৯ জুন) সকালে ঢাকা থেকে বিমানযোগে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে জেলা ও মহানগর বিএনপি এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সিলেট ইউনিটের বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে তিনি হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন।

মাজার জিয়ারত শেষে সিলেট রেড ক্রিসেন্ট ইউনিট কার্যালয় পরিদর্শন করে জেলা পরিষদ মিলনায়তনে ইউনিটের নির্বাহী কমিটি, কর্মকর্তা-কর্মচারী, যুব রেড ক্রিসেন্ট সদস্য ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ব্যারিস্টার এম এ সালাম।

তিনি বলেন, “রেড ক্রিসেন্ট কোনো সাধারণ সংস্থা নয়; এটি আর্তমানবতার সেবায় নিবেদিত একটি বৈশ্বিক মানবিক আন্দোলন। প্রাকৃতিক দুর্যোগ কিংবা যেকোনো মানবিক সঙ্কটে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকেরা জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন। আগামী দিনেও এই সেবার পরিধি আরো বিস্তৃত ও গতিশীল করতে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।”

তিনি আরো বলেন, রক্তদান কর্মসূচি এবং চিকিৎসাসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে রেড ক্রিসেন্টের প্রতিটি স্তরের কর্মকর্তা, কর্মচারী ও স্বেচ্ছাসেবকদের নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের চেয়ারম্যান আবুল কাহের চৌধুরী শামীমের সভাপতিত্বে এবং ইউনিটের সেক্রেটারি মাহবুবুল হক চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সুনামগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী এবং সিলেট ইউনিটের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল কাদির শাহী।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কার্যনির্বাহী কমিটির সদস্য আব্দুল্লাহ মামুন সামন, নির্জর রায়, কামরুজ্জামান দীপু, আলীমুল এহসান, তাহমিনা হাসান চৌধুরী, আবু সাইদ মো. ইব্রাহিম, সিলেট রেড ক্রিসেন্ট নার্সিং কলেজের অধ্যক্ষ রেনোয়ারা আক্তার, সহকারী পরিচালক মিজানুর রহমান জীবন, মুজিব জাহান রেড ক্রিসেন্ট ব্লাড ব্যাংকের পরিচালক ডা. তৌহিদ চৌধুরী, যুব রেড ক্রিসেন্টের প্রধান চৌধুরী লাবিব ইয়াসিরসহ ইউনিটের কর্মকর্তা, স্বেচ্ছাসেবক ও সদস্যরা।