তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা
সিরাজগঞ্জের তাড়াশে হাটিকুমরুল বনপাড়া মহাসড়কের মান্নান নগর এলাকায় রাজশাহীগামী একটি বাস ও কলাভর্তি একটি ট্রাকের সংঘর্ষে একজন নিহত হয়েছেন।
মঙ্গলবার (১০ মার্চ) বিকেল ৫টার দিকে মান্নান নগর এলাকায় তেল পাম্পের পাশে এ দুর্ঘটনা ঘটে। এতে ট্রাকের চালক ঘটনাস্থলে নিহত হন।
নিহত চালকের নাম আলমাস আলী (৩৫)। তিনি সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলার দক্ষিণ খাসবাকুলিয়া গ্রামের শান্টু মিয়ার ছেলে।
আলমাসের লাশ উদ্ধার করেছে হাটিকুমরুল হাইওয়ে থানার পুলিশ। হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ইসমাইল হোসেন জানান, মঙ্গলবার বিকেলে রাজশাহী থেকে ঢাকাগামী একটি কলাভর্তি ট্রাক এই মহাসড়কের উল্টোদিকে দাঁড়ায়। তখন রাজশাহীগামী একটি বাস এসে ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। এ ব্যাপারে বিস্তারিত তথ্য পরে জানাতে পারবো।



