নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদকদ্রব্যের ব্যবহার, সংরক্ষণ ও সেবনের দায়ে ১৯ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সাইফুল ইসলাম জয় এ দণ্ডাদেশ দেন।
কারাদণ্ডপ্রাপ্তরা হলেন হাফিজুর রহমান, খোরশেদ আলম, মোহাম্মদ হোসেন, মোহাম্মদ হাসান, মঞ্জু মিয়া, নাবিদুল হাসান ত্রিশান, বিজয়, রিয়াজ হোসেন, আব্দুল কাদির, আরিফ মিয়া, মো: মুন্না, আব্দুল করিম, সাইদুর রহমান, মেরাজ আহমেদ, বাবুল দেওয়ান, আলামিন, হোসেন কালু, হায়দার আলী ও নয়ন মিয়া। তাদের বয়স ১৮ বছর থেকে ৩৫ বছরের মধ্যে এবং তাদের নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।
রূপগঞ্জ থানার ওসি এ এইচ এম সালাউদ্দিন বলেন, ‘নারায়গঞ্জ জেলার নবনিযুক্ত পুলিশ সুপার হাবিবুর রহমানের যোগদানের পর থেকে সন্ত্রাস ও মাদকবিরোধী অভিযান চলছে।’
ইউএনও মো: সাইফুল ইসলাম জয় বলেন, ‘মাদক ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য ভয়াবহ ক্ষতির কারণ। মাদকের বিস্তার রোধে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলা অত্যন্ত জরুরি। মাদকের বিরুদ্ধে জেলার আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি রূপগঞ্জ উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।‘



