ময়মনসিংহে গরুর গোশত ৬০০ টাকা কেজি ও ১৪ ডিম ১০০ টাকায় বিক্রি

মঙ্গলবার (১০ মার্চ) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কর্মসূচির উদ্বোধন করেন ময়মনসিংহ-৪ সদর আসনের জাতীয় সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।

সাইফুল মাহমুদ, ময়মনসিংহ অফিস

Location :

Mymensingh
স্বল্পদামে গরুর গোশত বিক্রি কার্যক্রমের উদ্বোধন
স্বল্পদামে গরুর গোশত বিক্রি কার্যক্রমের উদ্বোধন |নয়া দিগন্ত

ময়মনসিংহে সরকারিভাবে ভর্তুকি মূল্যে প্রতিকেজি গরুর গোশত ৮০০ টাকার স্থলে ৬০০ টাকায় এবং ১৪টি মুরগির ডিম ১২৬ টাকার স্থলে ১০০ টাকায় বিক্রি করছে জেলা প্রশাসন। নিম্ন আয়ের মানুষের মাঝে ভর্তুকি মূল্যে গরুর গোশত এবং ডিম বিক্রির লক্ষ্যে ওই কর্মসূচি গ্রহণ করা হয়।

মঙ্গলবার (১০ মার্চ) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কর্মসূচির উদ্বোধন করেন ময়মনসিংহ-৪ সদর আসনের জাতীয় সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। তিনি জানান, জনগণের আর্থিক অস্বচ্ছলতা লাঘবে বর্তমান জনবান্ধব সরকার এই উদ্যোগ গ্রহণ করেছে। জনগণের কল্যাণে সরকার সবসময় মানুষের পাশে থাকবে।

উদ্বোধনী দিনে প্রতিদিন ২০০ কেজি গরুর গোশত এবং পাঁচ হাজার পিস ডিম বিক্রি করা হয়েছে। জনপ্রতি এক কেজি গরুর গোসত ৬০০ টাকা এবং ১৪টি ডিম ১০০ টাকায় বিক্রি করা হয়। ঈদের আগের দিন পর্যন্ত এই কর্মসূচি চলবে। চাহিদা বৃদ্ধি পেলে দু’দিন পরপর ৫০০ থেকে ৬০০ কেজি গোশত বিক্রি করা হবে।

এসময় জেলা প্রশাসক সাইফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক রেজা মো: গোলাম মাসুম প্রধান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ) উম্মে হাবিবা মীরা, প্রাণিসম্পদ বিভাগের বিভাগীয় পরিচালক মনোরঞ্জন ধর, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ওয়াহেদুল আলম এবং জেলা ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।