চিকিৎসকদের পেশাগত সততা আদর্শ রাষ্ট্র গঠনের গুরুত্বপূর্ণ ভিত্তি : হাবিবুর রহমান

‘একজন চিকিৎসক শুধু রোগ নিরাময়কারী নন, তিনি সমাজের বিবেক। চিকিৎসকদের মানবিকতা, নৈতিকতা ও পেশাগত সততা একটি আদর্শ রাষ্ট্র গঠনের গুরুত্বপূর্ণ ভিত্তি। তাই মাহে রমজানের শিক্ষার আলোকে চিকিৎসকদের মানবিক সেবা ও পেশাগত দায়িত্ব পালন করতে হবে।’

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
ইফতার মাহফিলে মোনাজাত পরিচালনা করছেন মাওলানা হাবিবুর রহমান
ইফতার মাহফিলে মোনাজাত পরিচালনা করছেন মাওলানা হাবিবুর রহমান |নয়া দিগন্ত

ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেডের চেয়ারম্যান ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা হাবিবুর রহমান বলেছেন, ‘রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের মাস। রমজান আমাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে সততা, ন্যায় ও দায়িত্ববোধ প্রতিষ্ঠার শিক্ষা দেয়। একজন চিকিৎসক শুধু রোগ নিরাময়কারী নন, তিনি সমাজের বিবেক। চিকিৎসকদের মানবিকতা, নৈতিকতা ও পেশাগত সততা একটি আদর্শ রাষ্ট্র গঠনের গুরুত্বপূর্ণ ভিত্তি। তাই মাহে রমজানের শিক্ষার আলোকে চিকিৎসকদের মানবিক সেবা ও পেশাগত দায়িত্ব পালন করতে হবে। এতে ইহকালীন সাফল্য ও পরকালীন মুক্তির পথ প্রশস্ত হবে।’

বৃহস্পতিবার (৫ মার্চ) ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) সিলেট জেলা ও সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের যৌথ উদ্যোগে চিকিৎসকদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

এনডিএফ সিলেট জেলা সভাপতি প্রফেসর ডা: ফজলুর রহীম কায়সারের সভাপতিত্বে ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা: জাহিদ হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে দারসুল কোরআন পেশ করেন বিশিষ্ট আলেমে দ্বীন হাজী কুদরত উল্লাহ জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা মিফতাহুদ্দীন আহমদ। সিলেট নগরীর সুবিদবাজারস্থ খান প্যালেসে অনুষ্ঠিত ইফতার মাহফিলে সিলেট জেলা ও ওসমানী মেডিক্যাল কলেজের আট শতাধিক চিকিৎসক অংশ নেন।

ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন- সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডা: ইসমাইল পাটোয়ারী, এনডিএফর কেন্দ্রীয় সহ-সভাপতি প্রফেসর ডা: আবুল হাশেম চৌধুরী, জালালাবাদ রাগিব রাবেয়া মেডিক্যাল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা: আবেদ হোসেন, সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজের ভাইস প্রিন্সিপাল প্রফেসর ডা: সালেহ আহমদ শাহীন, এনডিএফ সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ সভাপতি প্রফেসর ডা: খালেদ মাহমুদ, সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজের সাবেক প্রিন্সিপাল প্রফেসর ডা: অসুল আহমদ চৌধুরী, সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক মেজর জেনারেল (অব.) ডা: ইফতেখার জামান, সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা: মাহবুবুল আলম ও বিশিষ্ট সমাজসেবী ড. নূরুল ইসলাম বাবুল।

মাহফিল শেষে দেশ জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন প্রধান অতিথি মাওলানা হাবিবুর রহমান।