সিলেটের ১৯ আসনে নির্বাচনি টহলে নামল ৯০ প্লাটুন বিজিবি

সরকার, নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। জনগণের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সংবিধান ও আইনের আলোকে দায়িত্ব পালন অব্যাহত রাখবে বিজিবি।

আবদুল কাদের তাপাদার, সিলেট ব্যুরো

Location :

Sylhet
নির্বাচন ঘিরে টহল শুরু করেছেন বিজিবি সদস্যা
নির্বাচন ঘিরে টহল শুরু করেছেন বিজিবি সদস্যা |নয়া দিগন্ত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিলেট বিভাগের চার জেলার ১৯ আসনে টহলে নেমেছে ৯০ প্লাটুন (২১০০) বিজিবি। রোববার (১ ফেব্রুয়ারি) থেকে এই টহল শুরু করেছেন বিজিবি সদস্যরা।

এছাড়া বিজিবির সিলেট ও শ্রীমঙ্গল সেক্টরের আওতাধীন ৩০২ কিলোমিটার সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

বিজিবি জানিয়েছে, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলার ১৯টি সংসদীয় আসন এলাকায় রোববার থেকে টহলে নেমেছেন দুই হাজার ১০০ জন বিজিবি জওয়ান। জনগণের ভোটাধিকার সুরক্ষায় অন্যান্য বাহিনীর সাথে যৌথভাবে সমন্বয় করে টহল দিচ্ছে এই আধা সামরিক বাহিনীর সদস্যরা।

বিজিবি জানিয়েছে, সরকার, নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। জনগণের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সংবিধান ও আইনের আলোকে দায়িত্ব পালন অব্যাহত রাখবে বিজিবি।

বিজিবির সিলেটের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সালাহউদ্দীন নয়া দিগন্তকে বলেন, ‘নির্বাচনকে সামনে রেখে সরাইল রিজিওয়ন সদর দফতরের নির্দেশনায় সিলেট বিভাগে ৯০ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন শুরু করেছেন।’

এছাড়াও নির্বাচনি এলাকার ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি-৯ ইউনিটের চারটি কুকুর মোতায়েন থাকবে। বিজিবি সদস্যরা উপজেলাভিত্তিক বেইজ ক্যাম্পে অবস্থান করে দায়িত্ব পালন করবেন।