চট্টগ্রামে লুট হওয়া গ্যাসগান ও ১৭টি টিয়ারশেল উদ্ধার

উপজেলার কলাউজান ইউনিয়ন থেকে পরিত্যক্ত অবস্থায় এগুলো উদ্ধার করা হয়।

মোছাদ্দেক হোসাইন, লোহাগাড়া (চট্টগ্রাম)

Location :

Lohagara
চট্টগ্রামে উদ্ধার হওয়া গ্যাসগান
চট্টগ্রামে উদ্ধার হওয়া গ্যাসগান |নয়া দিগন্ত

চট্টগ্রামের লোহাগাড়া থানা থেকে লুট হওয়া একটি গ্যাসগান ও ১৭টি টিয়ারশেল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৩০ এপ্রিল) সকাল ৮টার দিকে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ তথ্য পেয়ে উপজেলার কলাউজান ইউনিয়নের তেলিপাড়া এলাকার নজির হোসেনের বাড়ির পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় এগুলো উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শী নজির হোসেন বলেন, ‘দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে চট্টগ্রাম নগরে বসবাস করে আসছি। সেখানে অটোরিকশা (সিএনজি) চালিয়ে জীবিকা নির্বাহ করি। সম্প্রতি গ্রামের বাড়িতে সেমিপাকা বাড়ি তৈরি করার সিদ্ধান্ত নিই। সে অনুযায়ী শ্রমিকরা গর্ত খুড়তে গেলে বন্দুক ও টিয়ারশেল দেখতে পেয়ে আমাকে জানায়। এ সময় জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ জানালে পুলিশের একটি টিম এসে বন্দুক ও টিয়ারশেলগুলো উদ্ধার করে।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, ‘সকাল ৮টার দিকে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। কলাউজান তেলিপাড়া, নাজির হোসেনের বাড়ির পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় গ্যাসগান ও টিয়ারশেল উদ্ধার করা হয়।

তিনি বলেন, ‘উদ্ধার হওয়া অস্ত্র ও টিয়ারশেল সরকারি সম্পত্তি এবং এটি থানা থেকে লুট হওয়া অস্ত্র হতে পারে বলে ধারণা আমাদের। এ ব্যাপারে আমরা যাচাই-বাচাই করছি। তদন্ত করে আইনিব্যবস্থা নেয়া হবে বলেও জানান থানার ওসি।’