ফেনীতে জিপিএ-৫ প্রাপ্ত চার শতাধিক কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে ইসলামী ছাত্রশিবির।
আজ শনিবার সকালে শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের ডি রয়েল স্যালমনে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি ডা. মোহাম্মদ ফখরুদ্দিন মানিক এবং প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তানভীর হায়দার আরিফ।
সংগঠনের ফেনী জেলা শাখার সভাপতি আবু হানিফ হেলালের সভাপতিত্বে ও সেক্রেটারি ইমাম হোসেন আরমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের জেলা আমির মুফতি আবদুল হান্নান, ছাত্রশিবিরের কেন্দ্রীয় শিল্প ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হাফেজ মুহাম্মদ আবু মূসা এবং শহর শিবিরের সভাপতি মুহাম্মদ ওমর ফারুক।
ডা. ফখরুদ্দিন মানিক বলেন, ‘আমাদের শুধুমাত্র জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তিকে গুরুত্ব দিলে হবে না। আমাদের ধর্মকে গুরুত্ব দিতে হবে। ধর্ম আমাদের নৈতিকতা ও মানবতা শিখায়। এখানে অন্য ধর্মের শিক্ষার্থীরাও আছে। প্রত্যেক ধর্ম মানবতার কথা বলে, নৈতিকতার কথা বলে। সুতরাং আমি তোমাদের অনুরোধ করবো, ধর্মকে আগে গুরুত্ব দিতে হবে। আজকের পৃথিবীতে অশান্তির মূল ধর্ম থেকে দূরে থাকা। আমরা যদি ধর্ম থেকে দূরে থাকি তাহলে আমরা নৈতিক মূল্যবোধ থেকে বিচ্যুত হবো।’
এ সময় শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্র মুনতাসীর রহমান ও শমসের মুবিন চৌধুরী। অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য দেন সাবেক চেয়ারম্যান ইবরাহীম মজুমদার।
অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক, আকর্ষণীয় গিফট প্যাক, ফুল ও সার্টিফিকেট প্রদান করা হয়।



