খাগড়াছড়িতে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন

বন্যাদুর্গতদের সর্বোচ্চ সহায়তায় পাশে আছে সরকার : দুর্যোগ প্রতিমন্ত্রী

প্রতিমন্ত্রী বলেন, স্বয়ং প্রধানমন্ত্রী বন্যাদুর্গত মানুষের খোঁজখবর রাখছেন। প্রধানমন্ত্রীর কথা হলো যেকোনো মূল্যে বন্যার্তদেরকে খাবার দিয়ে বাঁচিয়ে রাখতে হবে।

খাগড়াছড়ি প্রতিনিধি

Location :

Khagrachhari
বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের সাথে কথা বলছেন প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন
বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের সাথে কথা বলছেন প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন বলেছেন, বন্যাদুর্গতদের সর্বোচ্চ সহায়তা নিশ্চিতে সর্বদা পাশে রয়েছে সরকার। ক্ষতিগ্রস্তদের জন্য যা প্রয়োজন পর্যায়ক্রমে সবই করা হবে।

শনিবার (১১ জুলাই) বিকেলে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত খাগড়াছড়ির বিভিন্ন এলাকা পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন বলেন, আপাতত আমরা খাদ্য সহায়তা দিচ্ছি। পরে অবকাঠামোগত সহায়তা দেয়া হবে।

প্রতিমন্ত্রী বলেন, স্বয়ং প্রধানমন্ত্রী বন্যাদুর্গত মানুষের খোঁজখবর রাখছেন। প্রধানমন্ত্রীর কথা হলো যেকোনো মূল্যে বন্যার্তদেরকে খাবার দিয়ে বাঁচিয়ে রাখতে হবে। তার নির্দেশনাতেই আমি পাঁচটি জেলার প্রকৃত ক্ষয়ক্ষতি ও মানুষের দুর্ভোগ দেখতে মাঠপর্যায়ে পরিদর্শনে এসেছি। ক্ষতিগ্রস্তদের বর্তমান পরিস্থিতিতে সার্ভাইব করতে খাদ্য সহায়তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে।

তিনি বলেন, দুর্গত মানুষদের উদ্ধারে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। বেসামরিক প্রশাসনের সাথে সেনাবাহিনীও কাজ করছে।

এ সময় খাগড়াছড়ির জেলা প্রশাসক আনোয়ার সাদাত, পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, পুলিশ সুপার মো: মোরতোজা আলী খান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছারসহ বিভিন্ন সরকারি দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।