‘উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ফেনী সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরীন কান্তা।
উপজেলা অ্যাকাডেমিক সুপার ভাইজার কামরুন নাহারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আরাফাত হোসেন মজুমদার,পল্লী উন্নয়ন কর্মকর্তা মো: ফিরোজ আলম, পরিসংখ্যান কর্মকর্তা আতিকুর রহমান ও উপজেলা আইসিটি কর্মকর্তা মো: রাশেদুল ইসলাম।
উপজেলা সমবায় কর্মকর্তা মো: ইকবাল হোসেন ভূঁইয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন সরকারি জিয়া মহিলা কলেজের প্রভাষক ইসরাফিল মাহমুদ, একই কলেজের একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রী নুসরাত আহমেদ নোহা ও ফেনী সরকারি কলেজ বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণির ছাত্র হাসান নাফিজ।
মেলায় ২৪টা স্টল, ৩০টা প্রজেক্ট, ২৪টা শিক্ষা প্রতিষ্ঠান ও বিজ্ঞান ক্লাব অংশগ্রহণ করে। দুই দিনব্যাপী মেলা বুধবার সকালে উদ্বোধন করা হয়।
প্রজেক্টে সিনিয়র গ্রুপে প্রথম হয়েছে ফেনী সরকারি কলেজ, দ্বিতীয় আইসিএসটি ও তৃতীয় হয়েছে সরকারি জিয়া মহিলা কলেজ। জুনিয়র গ্রুপে প্রথম হয়েছে ফেনী শিশু নিকেতন কালেক্টরেট স্কুল, দ্বিতীয় হয়েছে স্টার লাইন স্প্রাউট ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ ও তৃতীয় হয়েছে শাহীন অ্যাকাডেমি স্কুল অ্যান্ড কলেজ।
এ সময় অলিম্পিয়াডের ১০ জন, কুইজে সিনিয়র গ্রুপে ৩টা প্রতিষ্ঠানে ৯ জন ও জুনিয়র ৩টা প্রতিষ্ঠানে ৯ জনকে পুরস্কৃত করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলার সব উপজেলায় একযোগে এ কর্মসূচি পালিত হয়েছে।



