ঝালকাঠিতে আগুনে ক্ষতিগ্রস্ত ১৭টি পরিবারের পাশে দাঁড়িয়েছেন ঝালকাঠি জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মো: শাহাদাত হোসেন।
রোববার (১২ এপ্রিল) বিকেল ৩টায় ঝালকাঠি জেলা পরিষদ প্রশাসকের কার্যালয়ে পরিবারগুলোর মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করেন তিনি। এর আগে, গত ৬ এপ্রিল পৌর শ্মশানঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
চেক হস্তান্তরকালে প্রশাসক বলেন, ‘মানবিক দৃষ্টিকোণ থেকে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আগুনে যাদের ঘরবাড়ি পুড়ে গেছে, তাদের এই কষ্ট ভাষায় প্রকাশ করার মতো নয়। জেলা পরিষদ সবসময়ই অসহায় মানুষের পাশে থাকবে এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে।’
তিনি জানান, সরকারের পাশাপাশি স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা সম্মিলিতভাবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে কাজ করে যাচ্ছেন। এ সময় তিনি সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানান।
চেক গ্রহণ করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যরা জেলা পরিষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, ‘হঠাৎ আগুনে আমাদের সবকিছু পুড়ে গেছে। আমরা দিশেহারা হয়ে পড়েছিলাম। এই সহায়তা আমাদের নতুন করে ঘুরে দাঁড়ানোর সাহস জোগাবে।’
অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন বলেন, ‘এই সহায়তা কার্যক্রম ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে নতুন আশার সঞ্চার করেছে এবং মানবিক সহমর্মিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।’
অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতারা বলেন, এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করে। তারা ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য জেলা পরিষদের এ উদ্যোগকে স্বাগত জানান।
উল্লেখ্য, শ্মশানঘাট এলাকায় বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে আগুন লাগে এবং ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় অল্প সময়ের মধ্যেই ১৭টি বসতঘর পুড়ে যায়। পরবর্তীতে স্থানীয় ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।



