গণসংহতি আন্দোলনের ময়মনসিংহ জেলার আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান রাজিব পদত্যাগ করেছেন।
রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহ শহরের একটি স্থানীয় হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে দল থেকে পদত্যাগের ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে মোস্তাফিজুর রহমান রাজিব জানান, তার পদত্যাগের কারণ মূলত ব্যক্তিগত। তবে সদ্য অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ‘টাকার খেলা’ বন্ধ করতে না পারা এবং তত্ত্বাবধায়ক সরকারের সময় দুর্নীতি দমনে কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হওয়ার বিষয়টিও তার সিদ্ধান্তের পেছনে প্রভাব ফেলেছে বলে উল্লেখ করেন তিনি।
তিনি অভিযোগ করেন, নির্বাচনী প্রক্রিয়ায় অর্থ ও প্রভাবের আধিপত্যের কারণে প্রকৃত গণতান্ত্রিক চর্চা বাধাগ্রস্ত হচ্ছে, যা বিকল্প রাজনীতির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, মোস্তাফিজুর রহমান রাজিব ২০১৬ সালে গণসংহতি আন্দোলনের সাথে যুক্ত হন। পরবর্তীতে ২০২১ সালে তিনি ময়মনসিংহ জেলার আহ্বায়ক এবং ২০২৫ সালে দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মনোনীত হন।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে তিনি মাথাল প্রতীক নিয়ে ময়মনসিংহ-৪ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। ওই নির্বাচনে তিনি মোট ৪৬৭ ভোট পেয়েছেন।



