পটুয়াখালী-২ (বাউফল) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদের নেতৃত্বে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে ‘ক্লিন বাউফল-গ্রিন বাউফল’ স্লোগানে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরের বর্জ্য অপসারণ ও পরিষ্কার-পরিচ্ছন্ন করার মধ্যদিয়ে পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম শুরু হয়।
এ সময় এমপি মাসুদ ঝাড়ু হাতে নিয়ে নিজেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজ করেন। তার সাথে যুক্ত হন বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাকর্মীরা।
পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি বলেন, তিনি শুধু জনপ্রতিনিধি নয়, তিনি জনগণের সেবক।
জনগণের সেবক হয়ে বাউফলকে একটি আধুনিক ও আদর্শ উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যত্যয় করে তিনি বলেন, ‘ক্লিন বাউফল-গ্রিন বাউফল’ তার নির্বাচনী ইশতেহারের একটি অংশ।
পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ এবং সুস্থ থাকার পূর্বশর্ত উল্লেখ করে তিনি বলেন, পুরো উপজেলাকে ক্লিন ও গ্রিন উপজেলা হিসেবে গড়ে তোলা হবে। নিরাপদ ও বাসযোগ্য বাউফল গড়ে তুলতে যা যা করণীয়, তাই করা হবে।
প্রেস বিজ্ঞপ্তি



