৫ ঘণ্টা পর খুলনার সাথে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক

মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে খুলনার সাথে সারাদেশের রেল যোগাযোগ পাঁচ ঘণ্টা বন্ধ ছিল।

হুসাইন মালিক, চুয়াডাঙ্গা

Location :

Chuadanga
৫ ঘণ্টা পর খুলনার সাথে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক
৫ ঘণ্টা পর খুলনার সাথে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক |নয়া দিগন্ত

চুয়াডাঙ্গার জীবননগরের উথলী রেল স্টেশনের অদূরে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে খুলনার সাথে সারাদেশের রেল যোগাযোগ পাঁচ ঘণ্টা বন্ধ ছিল।

শুক্রবার (৪ জুলাই) সন্ধ্যায় দুর্ঘটনার পর রাত সাড়ে ১০টার দিকে উদ্ধারকাজ শেষ হলে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

রেল কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে ৫টার দিকে খুলনামুখী একটি মালবাহী ট্রেন উথলী স্টেশনের ক্রসিং অতিক্রম করে মেইন লাইনে ওঠার সময় শেষের একটি বগি বিশ্রামঘর হিসেবে ব্যবহৃত অংশটি হঠাৎ লাইনচ্যুত হয়। ঘটনাস্থল ছিল স্টেশন থেকে প্রায় ১০০ গজ দূরে, দর্শনার দিকে রেল লাইনের ওপর।

লাইনে ট্রেন আটকে পড়ায় খুলনার সাথে ঢাকাসহ দেশের অন্যান্য অঞ্চলের রেল চলাচল বন্ধ হয়ে পড়ে। পরে পাকশী থেকে একটি রিলিফ ট্রেন এসে উদ্ধারকাজ শুরু করে। প্রায় পাঁচ ঘণ্টার চেষ্টায় রাত সাড়ে ১০টার দিকে লাইনচ্যুত বগিটি উদ্ধার করা হয়।

উথলী রেলওয়ে স্টেশনের মাস্টার মিন্টু রায় বলেন, ‘দুর্ঘটনার পর পাকশী রেল বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়। তারা দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন। বর্তমানে সব ট্রেন নির্ধারিত সময় অনুযায়ী চলাচল করছে।’

দুর্ঘটনায় কেউ হতাহত না হলেও এই সময়ের মধ্যে বিভিন্ন স্টেশনে একাধিক যাত্রীবাহী ট্রেন আটকে পড়ে ভোগান্তির শিকার হয়।