তারেক রহমানের সরকার কৃষি ও কৃষকবান্ধব সরকার : ধর্মমন্ত্রী

‘বর্তমান প্রধানমন্ত্রী ক্ষমতা গ্রহণের পর সারাদেশে ইমাম, মোয়াজ্জিন, পুরোহিতদের সম্মানি ভাতা চালু করেছেন। ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করেছেন। উনার সরকার জনগণের সরকার। এই সরকার জনগণের কল্যাণে কাজ করছে এবং করে যাবে।’

নাজিম উদ্দিন, মুরাদনগর (কুমিল্লা)

Location :

Muradnagar
বিনামূল্যে কৃষি উপকরণ ও খেলাধুলা সামগ্রী বিতরণ করছেন ধর্মমন্ত্রী
বিনামূল্যে কৃষি উপকরণ ও খেলাধুলা সামগ্রী বিতরণ করছেন ধর্মমন্ত্রী |নয়া দিগন্ত

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেছেন, ‘জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার কৃষি ও কৃষকবান্ধব সরকার। দায়িত্ব গ্রহণের পর থেকে কৃষি ও কৃষকের উন্নয়নে কৃষক কার্ডসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন শুরু করেছেন প্রধানমন্ত্রী।’

তিনি বলেন, ‘দেশের প্রতিটি কৃষকের হাতে বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি পৌঁছে দিতে বর্তমান সরকার বদ্ধপরিকর। পর্যায়ক্রমে সেটাও বাস্তবায়ন করা হবে।’

শুক্রবার (৮ মে) দুপুরে কুমিল্লার মুরাদনগর উপজেলা পরিষদে কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ধর্মমন্ত্রী বলেন, ‘বর্তমান প্রধানমন্ত্রী ক্ষমতা গ্রহণের পর সারাদেশে ইমাম, মোয়াজ্জিন, পুরোহিতদের সম্মানি ভাতা চালু করেছেন। ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করেছেন। উনার সরকার জনগণের সরকার। এই সরকার জনগণের কল্যাণে কাজ করছে এবং করে যাবে।’

মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ বি এম সারোয়ার রাব্বীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) এ কে এম কামরুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা পাভেল খান পাপ্পু, পল্লী উন্নয়ন কর্মকর্তা সফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল বারী পূর্ণ, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন, বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আলম।

কৃষি সম্প্রসারণ অধিদফতরের অধীনে টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় কুমিল্লা অঞ্চলে বিভিন্ন কৃষি ‍উপকরণ বিনামূল্যে বিতরণ করা হয়। এর মধ্যে মুরাদনগর উপজেলার ২২টি ইউনিয়নে মোট ১৬৭টি উপকরণ দেয়া হয়। যা মুরাদনগর উপজেলার বিভিন্ন ইউনিয়নে গঠিত ব্লক পর্যায়ে কৃষকরা গ্রহণ করেন।

কৃষকদের মাঝে নয়টি বেড প্ল্যান্টার, ১৭টি ধান কাটার যন্ত্র, নয়টি ভূট্টা মাড়াই যন্ত্র, ২০টি সেচ পাম্প, ২০টি ধান মাড়াই যন্ত্র বিনামূল্যে বিতরণ করা হয়।

এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলা সামগ্রী ও বিশুদ্ধ পানির উপকরণ বিতরণ করা হয়।