বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

ময়মনসিংহ সিটিকে আধুনিক নগরী হিসেবে গড়ে তোলা হবে

‘বর্তমান সরকারের আমলে ময়মনসিংহ সিটি করপোরেশনকে একটি আধুনিক ও পরিকল্পিত নগরীতে পরিণত করা হবে।’

ময়মনসিংহ অফিস

Location :

Mymensingh
ময়মনসিংহ সিটি করপোরেশনে ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
ময়মনসিংহ সিটি করপোরেশনে ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী |নয়া দিগন্ত

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল ইসলাম বলেছেন, ‘বর্তমান সরকারের আমলে ময়মনসিংহ সিটি করপোরেশনকে একটি আধুনিক ও পরিকল্পিত নগরীতে পরিণত করা হবে।’

রোববার (২৪ মে) দুপুরে ময়মনসিংহ সিটি করপোরেশনের উদ্যোগে নিম্নআয়ের পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সিটি করপোরেশনের প্রশাসক মো: রুকুনুজ্জামান রোকনের সভাপতিত্বে এবং পরিবহন শাখা প্রধান রাজীব উল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের সংসদ সদস্য জাকির হোসেন বাবলু এবং জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

এছাড়াও উপস্থিত ছিলেন সিটির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা সুমনা আল মজীদ ও প্রকৌশলী মো: রফিকুল ইসলাম মিয়া।

প্রতিমন্ত্রী বলেন, অতীতে প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে উল্লেখযোগ্য কাজ হয়নি। বর্তমান সরকার কৃষকদের জন্য কৃষক কার্ড প্রদান, ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ এবং ফ্যামিলি কার্ডের মাধ্যমে সহায়তা প্রদানের মতো উদ্যোগ গ্রহণ করেছে।

তিনি অভিযোগ করেন, বিগত সময়ে উন্নয়নের নামে লুটপাট হয়েছে এবং নগরবাসী প্রত্যাশিত উন্নয়ন থেকে বঞ্চিত ছিল। তবে বর্তমান প্রশাসক দায়িত্ব গ্রহণের পর জলাবদ্ধতা নিরসনে দৃশ্যমান অগ্রগতি হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

শরিফুল ইসলাম বলেন, ‘সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ময়মনসিংহকে একটি পরিচ্ছন্ন ও আধুনিক নগরীতে গড়ে তোলা সম্ভব। এ লক্ষ্যে শিশুপার্ক নির্মাণ, বস্তিবাসীর জন্য আবাসন প্রকল্প বাস্তবায়ন এবং সড়ক উন্নয়নসহ বিভিন্ন পরিকল্পনা হাতে নেয়া হয়েছে।’

ময়মনসিংহ থেকে সিলেট রুটে নতুন ট্রেন চালুর উদ্যোগ নেয়া হচ্ছে বলেও জানান তিনি।

জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, ‘নগরীকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।’ একই সাথে ময়মনসিংহ মেডিক্যাল কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার দাবিও জানান তিনি।

সভাপতির বক্তব্যে সিটি প্রশাসক রুকুনুজ্জামান রোকন বলেন, ‘দায়িত্ব গ্রহণের পরপরই তিনি বস্তিবাসীর দুরবস্থা সরেজমিনে পরিদর্শন করেছেন। বৃষ্টি হলেই যেসব পরিবার পানিতে ভিজে কষ্ট পায়, তাদের সহায়তায় প্রায় ৫ হাজার নিম্নআয়ের পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়েছে।’

তিনি জানান, নদীর ওপারে জায়গা পাওয়া গেলে বস্তিবাসীর জন্য স্থায়ী আবাসন নির্মাণ করা হবে। জলাবদ্ধতা নিরসনে চলমান কার্যক্রমের কথাও তুলে ধরে তিনি বলেন, মাত্র ৬৮ দিনের প্রচেষ্টায় কিছুটা সফলতা এসেছে।

এছাড়া আকুয়া খালের দুই পাড়ে গাছ লাগানো, বসার ব্যবস্থা এবং ভবিষ্যতে নৌভ্রমণের সুযোগ তৈরির পরিকল্পনার কথাও জানান তিনি।

অনুষ্ঠানে নগরীর প্রায় পাঁচ হাজার নিম্নআয়ের পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়।