এমপির নির্দেশে মিরসরাইয়ে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে মাইকিং

‘সন্ত্রাসী-চাঁদাবাজ যত বড়ই হোক, কাউকে ছাড় দেয়া হবে না। কেউ অপরাধের সাথে জড়িত থাকলে তার বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেয়া হবে। মাদকের সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। সুস্থ ও নিরাপদ সমাজ গঠনে রাজনৈতিক নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

এম মাঈন উদ্দিন, মিরসরাই (চট্টগ্রাম)

Location :

Mirsharai
চাঁদাবাজি, সন্ত্রাসীদের বিরুদ্ধে মাইকিং
চাঁদাবাজি, সন্ত্রাসীদের বিরুদ্ধে মাইকিং |নয়া দিগন্ত

চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিনের নির্দেশে উপজেলায় সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক, সালিশ বানিজ্যসহ সব ধরনের অপরাধ ও অপকর্মের বিরুদ্ধে মাইকিং করে ব্যাপক প্রচারণা চালানো হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) উপজেলার কাটাছড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইউনিয়নজুড়ে এই প্রচারণা কার্যক্রম পরিচালিত হয়। মিরসরাই পৌরসভা বিএনপির উদ্যোগে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে মাইকিং করা হয়েছে।

একইদিন উপজেলা কৃষকদলের উদ্যোগে উপজেলার মায়ানী, মঘাদিয়া, সাহেরখালী, খৈয়াছড়ায় মাদকবিরোধী মাইকিং করা হয়। প্রচারণায় মাদকের সাথে জড়িত কারবারি, চালানকারী, বিক্রেতা ও সেবনকারী ও সালিশ বানিজ্যকারীর বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানানো হয়। পাশাপাশি তাদের চিহ্নিত করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেয়ার জন্য সাধারণ মানুষকে আহ্বান জানানো হয়।

মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর বলেন, ‘মিরসরাইকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত রাখতে আমরা মাঠে কাজ করছি। মাদকের সাথে জড়িতদের কোনো ছাড় দেয়া হবে না। সমাজের সবাইকে এগিয়ে এসে মাদক ও অপরাধের বিরুদ্ধে অবস্থান নিতে হবে।’

এ বিষয়ে চট্টগ্রাম-১ আসনের সংসদ সদস্য নুরুল আমিন বলেন, ‘সন্ত্রাসী-চাঁদাবাজ যত বড়ই হোক, কাউকে ছাড় দেয়া হবে না। কেউ অপরাধের সাথে জড়িত থাকলে তার বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেয়া হবে। মাদকের সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। সুস্থ ও নিরাপদ সমাজ গঠনে রাজনৈতিক নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’