চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ করা ৪৯৫ লিটার জ্বালানি তেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। পরে জব্দকৃত তেল সরকারি নির্ধারিত মূল্যে মোটরসাইকেল চালকদের মাঝে বিতরণ করা হয়।
শুক্রবার (২৭ মার্চ) রাতে উপজেলার কার্পাসডাঙ্গা বাজার এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওবায়দুর রহমান সাহেল অভিযানটি পরিচালনা করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, রাতে উপজেলার কার্পাসডাঙ্গা বাজার এলাকায় একটি অটোমোবাইল প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। এসময় অনুমোদন ছাড়া বিপুল পরিমাণ জ্বালানি মজুদের প্রমাণ পেয়ে ৪৯৫ লিটার তেল জব্দ করা হয়।
প্রশাসন জানায়, জব্দকৃত তেল শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে মোটরসাইকেল চালকদের মাঝে বিক্রি করা হয়। প্রতি মোটরসাইকেলে সর্বোচ্চ পাঁচ লিটার করে তেল দেয়া হয়।
তেল নিতে সকাল থেকেই দীর্ঘ লাইনে দাঁড়ান শত শত মোটরসাইকেল চালক। এতে প্রায় এক কিলোমিটার দীর্ঘ লাইন সৃষ্টি হয়। পরে শৃঙ্খলা রক্ষায় সীমিত সংখ্যক চালককে পর্যায়ক্রমে তেল সরবরাহ করা হয়।
ইউএনও ওবায়দুর রহমান সাহেল বলেন, ‘অনুমোদন ছাড়া অবৈধভাবে জ্বালানি মজুদ ও বিক্রির কোনো সুযোগ নেই। আইন লঙ্ঘন করে মজুদ করা তেল জব্দ করে জনস্বার্থে ন্যায্যমূল্যে বিতরণ করা হয়েছে। এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।’
একইদিনে উপজেলার অন্য আরেকটি স্থান থেকে আরো ২৫০ লিটার ডিজেল জব্দ করা হয়েছে বলেও জানা গেছে।



