নাটোরে শ্রমিক সমাবেশ

বিএনপি সন্ত্রাস-চাঁদাবাজি প্রশ্রয় দেবে না : দুলু

‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান এদের সকলকে স্থায়ীভাবে দল থেকে বহিষ্কার করার সিন্ধান্ত দিয়েছেন।’

নাটোর প্রতিনিধি

Location :

Natore
বক্তব্য রাখছেন অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু
বক্তব্য রাখছেন অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু |ছবি : নয়া দিগন্ত

বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক উপ-মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি কখনো কোনো হত্যা-গুম, সন্ত্রাস-চাঁদাবাজি প্রশ্রয় দেয় না, ভবিষ্যতেও দেবে না। গুম হত্যা সন্ত্রাস যেই করুক তাদের দ্রুত আটক করে বিচারের আওতায় আনতে হবে।

শনিবার (১২ জুলাই) দুপুরে নাটোর জেলা পরিষদ মাল্টিপারপাস অডিটোরিয়ামে গণঅভ্যুত্থান ও শহীদদের স্মরণে জেলা জাতীয়তাবাদী পরিবহন শ্রমিক দল আয়োজিত শ্রমিক সমাবেশে তিনি এসব কথা বলেন।

ঢাকার রাস্তার ব্যবসায়ী সোহাগ হত্যার সাথে জড়িত সকলকে আইনের আওতায় আনার দাবি জানিয়ে তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান এদের সকলকে স্থায়ীভাবে দল থেকে বহিষ্কার করার সিন্ধান্ত দিয়েছেন।

তিনি বলেন, গত সাড়ে ১৫ বছর আওয়ামী লীগের জুলুম নির্যাতন হত্যা গুমে অতিষ্ট হয়ে এ দেশের ছাত্র-জনতা শ্রমিক কৃষকসহ সকল শ্রেণ- পেশার মানুষ পথে নেমে এসে গত ৫ আগস্ট আওয়ামী লীগকে বিদায় করেছে, তাদের পতন হয়েছে। আমরা সফলকাম হয়েছি।

তিনি বলেন, সেই আন্দোলনে দেশের শ্রমিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। শেখ হাসিনা হাসপাতালে গিয়ে সেদিন আহতদের চিকিৎসা না করার জন্য চিকিৎসকদের নির্দেশ দিয়েছে। অথচ সেদিন ঢাকার সাধারণ রিকশাওয়ালারা জীবন বাজী রেখে আহত-নিহতদের হাসপাতালে নিয়ে গিয়েছেন।

দুলু বলেন, যেভাবে ১৫ বছর ষড়যন্ত্র করা হয়েছে ঠিক সেভাবেই সংসদ নির্বাচনের আগে বিএনপির ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, বিএনপিতে কোনো চাঁদাবাজ ও সন্ত্রাসীর জায়গা হবে না।

নাটোর জেলা শ্রমিক দলের সভাপতি আবু রায়হান ভুলুর সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সহসভাপতি ও জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক কর্মচারী সভাপতি রফিকুল ইসলাম, নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি শফিকুল ইসলাম বুলবুল, ট্রাক ট্যাংকলরী ও কার্ভাডভ্যানের সভাপতি আব্দুল জলিল, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন ও সাইফুল ইসলাম আফতাব, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম ও শেখ এমদাদুল হক আল মামুনসহ শ্রমিক সংঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।