ভাঙ্গায় জমি নিয়ে বিরোধের জেরে ১৪৪ ধারা জারি

ফরিদপুরের ভাঙ্গায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে মামলা করায় পরিস্থিতি নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা রক্ষার্থে ঘটনাস্থলে ১৪৪ ধারা জারি করেছে বিজ্ঞ আদালত।

এটিএম ফরহাদ নান্নু, ভাঙ্গা (ফরিদপুর)

Location :

Bhanga
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমিতে নির্মাণকাজ
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমিতে নির্মাণকাজ |নয়া দিগন্ত

ফরিদপুরের ভাঙ্গায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে মামলা করায় পরিস্থিতি নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা রক্ষার্থে ঘটনাস্থলে ১৪৪ ধারা জারি করেছে বিজ্ঞ আদালত।

উপজেলার ঘারুয়া ইউনিয়নের বামনকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।

মামলার বাদী আশরাফ মাতুব্বর আদালতে স্থগিতাদেশের আবেদন করলে আদালত এ আদেশ জারি করেন। তবে তার অভিযোগ, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে প্রতিপক্ষরা এখনো সেখানে নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন।

মামলার বিবরণ ও বাদী সূত্রে জানা গেছে, উপজেলার ৭৭ নম্বর বামনকান্দা মৌজার বিএস ১৬৪ নম্বর খতিয়ানের বিএস ৪৬৩ ও ৪৬৮ নম্বর দাগে ৩৩ শতাংশ এবং বিএস ১৬৬ ও ৪৬৫ নম্বর দাগে ২১ শতাংশসহ মোট ৫৪ শতাংশ জমি তিনি ক্রয়সূত্রে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন।

সম্প্রতি প্রতিবেশী নান্নু শেখ ও জুয়েল শেখসহ কয়েকজন ওই জমি নিজেদের দাবি করে সেখানে ইট দিয়ে ঘর নির্মাণের চেষ্টা করেন বলে অভিযোগ করেন আশরাফ মাতুব্বর।

তিনি জানান, বাধা দিতে গেলে প্রতিপক্ষরা সংঘবদ্ধভাবে তাদের ওপর চড়াও হন। পরে তারা বাধ্য হয়ে আদালতের শরণাপন্ন হন।

তিনি অভিযোগ করেন, আদালতের নিষেধাজ্ঞা জারির পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে তা কার্যকর করলেও প্রতিপক্ষরা নির্দেশনা মানছেন না।

এ বিষয়ে অভিযুক্ত নান্নু শেখ বলেন, ‘এটি আমার ক্রয় করা সম্পত্তি। বৈধ কাগজপত্রের মাধ্যমে আমি জমিটি ভোগদখল করে আসছি। আদালতের প্রতি আমার পূর্ণ শ্রদ্ধা রয়েছে।’

আদালতের নিষেধাজ্ঞা অমান্যের অভিযোগ অস্বীকার করেন তিনি।

সরেজমিন পরিদর্শনকালে ভাঙ্গা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আজিজুর রহমান এ ব্যাপারে জানান, আদালতের নির্দেশনা বাস্তবায়নে পুলিশ কাজ করছে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে নজরদারি অব্যাহত রয়েছে।

স্থানীয়দের আশঙ্কা, দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ না হলে যে কোনো সময় অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে।