ঝিনাইদহে শান্তিপূর্ণভাবে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। সারাদেশের ন্যায় জেলার ৪টি সংসদীয় আসনের ৫শ’ ৮৮টি ভোট কেন্দ্রে সকাল সাড়ে ৭টার দিকে ভোটগ্রহণ শুরু হয়। সকাল থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোটাধিকার প্রয়োগ করছেন ভোটাররা।
এবারের নির্বাচনে জেলার ১৫ লাখ ৯৬ হাজার ৩৯৩ জন ভোটার ৫৮৮টি ভোটকেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২১ জন প্রার্থী। নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদ করতে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জেলার ভোটকেন্দ্রগুলোতে প্রায় ১১ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
এর মধ্যে রয়েছে ৭ হাজার ৬৪৪ জন আনসার সদস্য, ১ হাজার ৬৪৪ জন পুলিশ সদস্য, ১ হাজার ২৯ জন সেনাবাহিনীর সদস্য, র্যাবের ৪৮ জন ও বিজিবির ২২২ জন সদস্য।
এছাড়া ১২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ১৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ একাধিক ভ্রাম্যমাণ স্ট্রাইকিং ফোর্স দায়িত্ব পালন করছেন।



