লালমনিরহাটের কালীগঞ্জ ও আদিতমারী উপজেলার ১৮টি মসজিদের উন্নয়নে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ৫৬ লাখ টাকার বিশেষ অনুদান দেয়া হয়েছে। ‘সার্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন-২’ প্রকল্পের আওতায় এ অর্থ বরাদ্দ দেয়া হয়।
শনিবার (১১ জুলাই) কালীগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য মো: রোকন উদ্দিন বাবুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বরাদ্দের চেক সংশ্লিষ্ট মসজিদগুলোর প্রতিনিধিদের হাতে তুলে দেন।
অনুষ্ঠানে জানানো হয়, ১৬টি মসজিদকে তিন লাখ টাকা করে ও দু’টি মসজিদকে চার লাখ টাকা করে অনুদান দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম, আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গুঞ্জন বিশ্বাস, দুই উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, ইমাম, মসজিদ পরিচালনা কমিটির সদস্য ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
সংসদ সদস্য মো: রোকন উদ্দিন বাবুল বলেন, ধর্মীয় প্রতিষ্ঠান শুধু ইবাদতের স্থান নয়; বরং সামাজিক সম্প্রীতি, নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধ গঠনের গুরুত্বপূর্ণ কেন্দ্র। এসব প্রতিষ্ঠানের উন্নয়নে সরকার ধারাবাহিকভাবে সহযোগিতা করে যাচ্ছে। তিনি বরাদ্দের অর্থ যথাযথভাবে ব্যয় করে উন্নয়নকাজ বাস্তবায়নের আহ্বান জানান।
অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বরাদ্দের অর্থ দিয়ে দীর্ঘদিনের প্রয়োজনীয় সংস্কার ও উন্নয়নকাজ বাস্তবায়ন করা সম্ভব হবে।



