পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের ফাঁকা গুলি, বাংলাদেশী নৌকা ছিনতাই

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ৫ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে বাংলাদেশীদের নৌকা ছিনিয়ে নিয়ে গেছে।

আমিনুর রহমান বাবুল, পাটগ্রাম (লালমনিরহাট)

Location :

Patgram
পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের ফাঁকা গুলি
পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের ফাঁকা গুলি |নয়া দিগন্ত

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ৫ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে বাংলাদেশীদের নৌকা ছিনিয়ে নিয়ে গেছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে শ্রীরামপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড মাইয়ামরা ঘাটের ওপারে ভারতের কোচবিহার জেলার মেখলিগঞ্জ মহকুমার বরমতল গ্রামের ধরলা নদীতে এ ঘটনা ঘটে।

বিজিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে সীমান্তের ৮৪২ মেইন পিলারের ৪ ও ৫ নম্বর সাব-পিলারের মধ্যবর্তী স্থানে ভারতের ওপারে বরমতলের ধরলা নদীর ২০ গজ ভারতের অভ্যন্তরে বাংলাদেশী শ্রমিকরা কয়েকটি নৌকা নিয়ে সীমান্ত লাগোয়া ওই নদীতে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন করতে যায়। এ সময় ভারতের ৬২ বিএসএফ ব্যাটালিয়নের পানিশালা ক্যাম্পের টহল দলের সদস্যরা ৫ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে বাংলাদেশীদের ধাওয়া করে নদীতে থাকা চারটি নৌকা আটক করে ভারতের অভ্যন্তরে নিয়ে যায়।

বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়েছে— এ বিষয়ে ইউএনও এবং সংশ্লিষ্ট থানার ওসিকে অবগত করা হয়েছে।

শ্রমিকরা ইতিপূর্বে একাধিকবার সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের ঘটনা ঘটায়। এ নিয়ে বিজিবি ও বিএসএফ কর্তৃক একাধিকবার ওই এলাকায় প্রবেশে নিষেধ করা হয় বলে বিজিবি সূত্রটি নিশ্চিত করেছে।

তবে এ ঘটনায় এলাকায় বিজিবির টহলদলের নজরদারি বৃদ্ধি করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।