সিলেটে হাম উপসর্গে আরো ৫৩ শিশু হাসপাতালে

সিলেটে হামের উপসর্গে ভর্তির শিশুর সংখ্যা বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় সিলেটে হাম রোগী শনাক্ত ও মৃত্যু না হলেও হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছে আরো ৫৩ শিশু।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো
সিলেটে হাম উপসর্গে আরো ৫৩ শিশু হাসপাতালে
সিলেটে হাম উপসর্গে আরো ৫৩ শিশু হাসপাতালে |নয়া দিগন্ত

সিলেটে হামের উপসর্গে ভর্তির শিশুর সংখ্যা বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় সিলেটে হাম রোগী শনাক্ত ও মৃত্যু না হলেও হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছে আরো ৫৩ শিশু। সিলেট বিভাগে এখন পর্যন্ত হাম উপসর্গে মারা গেছেন ১০ জন ও হামে মারা গেছেন ২ জন। মোট মৃতের সংখ্যা বেড়ে ১২।

বুধবার (২৮ এপ্রিল) সিলেট বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় ল্যাব পরীক্ষায় সিলেটে কোনো শিশুর হাম শনাক্ত হয়নি। গত ১ জানুয়ারি থেকে ২৭ এপ্রিল পর্যন্ত ল্যাব পরীক্ষায় প্রমাণিত হাম রোগীর সংখ্যা ১০৪। এর মধ্যে হবিগঞ্জে ৭ (রুবেলা আক্রান্ত ২), মৌলভীবাজারে ১৬, সুনামগঞ্জে ৫৫ ও সিলেট জেলার রোগী ২৬ জন।

গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরো ৫৩ শিশু সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৩২ জন, ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন, দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন, জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন, শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৯ জন ও মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৩ জন শিশু ভর্তি হয়েছে।

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১৬০ জন সন্দেহজনক হাম রোগী। তাদের মধ্যে শহীদ শামসুদ্দিন হাসপাতালে সর্বোচ্চ ৭৮, ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ১০, সিলেটের মা ও শিশু হাসপাতালে ১, আল হারামাইন হাসপাতালে ১, রাগীব রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ৫, মাউন্ট এডোরা হাসপাতালে ২, নর্থ ইস্ট হাসপাতালে ৫, পার্কভিউ হাসপাতালে ২, শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ২৮, জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২, জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ৮ ও মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১২ জন শিশু ভর্তি আছেন।

এ ব্যাপারে স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক ডা: নুরে আলম শামীম জানান, সিলেটে হাম আক্রান্ত ও হাম উপসর্গে ভর্তি শিশুর সংখ্যা বাড়ছে। হাসপাতালে ভর্তি শিশুদের চিকিৎসায় স্বাস্থ্য বিভাগ সক্রিয় রয়েছে। হামের টিকা ক্যাম্পেইন চলমান রয়েছে। আশা করা যাচ্ছে হাম কিছুটা নিয়ন্ত্রণ হবে।