মাভাবিপ্রবিতে বিএসি অ্যাক্রেডিটেশনের জন্য কারিকুলাম ম্যানেজমেন্ট প্রশিক্ষণ

উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিত করতে অ্যাক্রেডিটেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে জাতীয় ও আন্তর্জাতিক মানদণ্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ করতে কারিকুলাম প্রণয়ন, বাস্তবায়ন, মূল্যায়ন ও নিয়মিত পরিমার্জনের ওপর গুরুত্ব দিতে হবে।

Location :

Tangail
কারিকুলাম ম্যানেজমেন্ট প্রশিক্ষণ
কারিকুলাম ম্যানেজমেন্ট প্রশিক্ষণ |নয়া দিগন্ত

মাভাবিপ্রবি প্রতিনিধি
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল (বিএসি) কর্তৃক স্বীকৃতি অর্জনের প্রস্তুতির অংশ হিসেবে ‘কারিকুলাম ম্যানেজমেন্ট ফর বিএসি অ্যাক্রেডিটেশন’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) কনফারেন্স রুমে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

আইকিউএসি-এর উদ্যোগে আয়োজিত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন প্রো-ভিসি অধ্যাপক মো: আনিছুর রহমান।

উদ্বোধনী বক্তব্যে প্রো-ভিসি অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম বলেন, ‘গণিত একটি গুরুত্বপূর্ণ বিষয়। জ্ঞানের যতগুলো শাখা রয়েছে, সবগুলোর মূল ভিত্তি হচ্ছে গণিত। উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিত করতে অ্যাক্রেডিটেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে জাতীয় ও আন্তর্জাতিক মানদণ্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ করতে কারিকুলাম প্রণয়ন, বাস্তবায়ন, মূল্যায়ন ও নিয়মিত পরিমার্জনের ওপর গুরুত্ব দিতে হবে।’

তিনি বলেন, ‘বিএসি অ্যাক্রেডিটেশন অর্জনের জন্য বিশ্ববিদ্যালয়ের সব পর্যায়ে সমন্বিতভাবে কাজ করতে হবে। শিক্ষার গুণগত মানোন্নয়ন একটি ধারাবাহিক প্রক্রিয়া। শিক্ষার্থীদের শিখনফল অর্জন নিশ্চিত করার পাশাপাশি কোর্স আউটলাইন, কোর্স ফাইল, মূল্যায়ন পদ্ধতি ও অ্যাকাডেমিক কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়ন ও সংরক্ষণ করতে হবে।’

প্রো-ভিসি অধ্যাপক মো: আনিছুর রহমান বলেন, ‘বিজ্ঞানের হার্ট হচ্ছে গণিত। বিশ্ববিখ্যাত প্রাচীন গ্রিক দার্শনিক থেলিস অব মাইলেটাসও গণিত শিখতে মিসরে গিয়েছিলেন। সামাজিক উন্নয়ন ও বুদ্ধিমত্তার ক্ষেত্রেও গণিতের বিকল্প নেই।’

তিনি বলেন, ‘অ্যাক্রেডিটেশন শুধু একটি সনদ অর্জনের বিষয় নয়; এটি শিক্ষা কার্যক্রমের গুণগত মান যাচাই ও উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। বিএসির মানদণ্ড অনুসরণ করে কারিকুলাম ব্যবস্থাপনা আরো কার্যকর করা হলে শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত জ্ঞান, দক্ষতা ও যোগ্যতা অর্জন নিশ্চিত করা সম্ভব হবে।’

প্রশিক্ষণে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের জন্য অ্যাক্রেডিটেশনের গুরুত্ব, বিএসি অ্যাক্রেডিটেশনের জন্য কারিকুলামের প্রয়োজনীয়তা, কোর্স লার্নিং আউটকাম (সিএলও) ও প্রোগ্রাম লার্নিং আউটকাম (পিএলও) সংশোধন, সিএলও অর্জন নিশ্চিতকরণে মূল্যায়ন কৌশল, কোর্স আউটলাইন প্রণয়ন, কোর্স ফাইল প্রস্তুত ও সংরক্ষণ এবং অ্যাক্রেডিটেশনের জন্য প্রাতিষ্ঠানিক কাঠামো ও সহায়তা বিষয়ে আলোচনা ও প্রশিক্ষণ দেয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব ও প্রশিক্ষণের বিভিন্ন সেশন পরিচালনা করেন আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মোস্তফা কামাল নাসির, অতিরিক্ত পরিচালক ড. শাহ আদিল ইশতিয়াক আহমদ এবং অতিরিক্ত পরিচালক ড. মো: খাইরুল ইসলাম।

প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন ও গণিত বিভাগের অধ্যাপক ড. মো: মুছা মিয়া, পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো: মোস্তাফিজুর রহমান এবং বিভাগের অন্য শিক্ষকরা অংশগ্রহণ করেন।