প্রবাসে স্ট্রোক করে দর্শনার যুবকের মৃত্যু, খবর পেয়ে স্ট্রোক করে হাসপাতালে স্ত্রী

সৌদি আরবে ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সফর উদ্দিন (৪০) নামের এক প্রবাসী মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

Location :

Chuadanga
মৃত সফর উদ্দিন (৪০)
মৃত সফর উদ্দিন (৪০) |নয়া দিগন্ত

সৌদি আরবে ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সফর উদ্দিন (৪০) নামের এক প্রবাসী মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

এদিকে স্বামীর স্ট্রোকের সংবাদ পাওয়ার পরই স্ট্রোকে আক্রান্ত হন তার স্ত্রী রাখি রাশিদুন নাহার ওরফে ববিতা খাতুন (৩৫)। তিনি বর্তমানে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

নিহত সফর উদ্দিন চুয়াডাঙ্গার দর্শনা থানার শ্যামপুর গ্রামের মৃত শওকত আলী মোল্লার ছেলে এবং দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক, দর্শনা পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও সাংবাদিক শরীফ উদ্দিনের ভাই।

পারিবারিক সূত্রে জানা গেছে, সৌদি আরবের আভা শহরে কর্মরত অবস্থায় গত ১০ আগস্ট ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হন সফর উদ্দিন। দীর্ঘ ৯ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে গত মঙ্গলবার (১৮ আগস্ট) ভোর পাঁচটায় স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এদিকে স্বামীর স্ট্রোকে আক্রান্ত হওয়ার খবর পৌঁছালে তা সহ্য করতে না পেরে সেদিনই ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হন স্ত্রী ববিতা খাতুন। ববিতা খাতুন দামুড়হুদা উপজেলা মহিলা জামায়াতের সভানেত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দ্রুত ঢাকার নিউরোসায়েন্সেস হাসপাতালে ভর্তি করা হয়।

প্রবাসী সফর উদ্দিনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির মো: রুহুল আমিন মঙ্গলবার রাতেই ঢাকার নিউরোসায়েন্সেস হাসপাতালে ছুটে যান। সেখানে তিনি চিকিৎসাধীন ববিতা খাতুনের সন্তান ও স্বজনদের সমবেদনা জানান এবং চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন।

মাননীয় সংসদ সদস্য মরহুমের লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রীর কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বিভিন্ন মাধ্যম ব্যবহার করে প্রশাসনিক চেষ্টা অব্যাহত রেখেছেন বলে জানা গেছে।

মৃত্যুকালে সফর উদ্দিন বৃদ্ধা মা, চিকিৎসাধীন স্ত্রী, এক পুত্র, এক কন্যা, তিন ভাই, তিন বোনসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।