চাটমোহরে চায়ের দোকানে টেলিভিশন দেখার সময় দুই যুবক গুলিবিদ্ধ

আহতরা হলেন মূলগ্রাম ইউনিয়নের খতবাড়ি দক্ষিণপাড়া গ্রামের রেজাউল করিমের ছেলে নাঈম হোসেন (৪০) ও মৃত রমজান আলীর ছেলে সাজেদুল ইসলাম (৪২)। আহত দুইজন পেশায় দিনমজুর।

চাটমোহর (পাবনা) সংবাদদাতা

Location :

Chatmohar
চাটমোহর উপজেলার খতবাড়ি গ্রামে লালনের মোড়ের এই চায়ের দোকানে গুলিবর্ষণের ঘটনা ঘটে
চাটমোহর উপজেলার খতবাড়ি গ্রামে লালনের মোড়ের এই চায়ের দোকানে গুলিবর্ষণের ঘটনা ঘটে |নয়া দিগন্ত

পাবনার চাটমোহর উপজেলায় চায়ের দোকানে স্টলে বসে টেলিভিশন দেখার সময় দুর্বৃত্তদের গুলিতে দুইজন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের খতবাড়ি গ্রামে লালনের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন মূলগ্রাম ইউনিয়নের খতবাড়ি দক্ষিণপাড়া গ্রামের রেজাউল করিমের ছেলে নাঈম হোসেন (৪০) ও মৃত রমজান আলীর ছেলে সাজেদুল ইসলাম (৪২)। আহত দুইজন পেশায় দিনমজুর।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ইফতারি শেষে লালনের মোড় এলাকায় রাজ্জাকের চায়ের দোকানে বসে টেলিভিশন দেখছিলেন নাঈম হোসেন ও সাজেদুল ইসলাম। এ সময় অতর্কিতভাবে মুখোশধারী তিন দুর্বৃত্ত কয়েকরাউন্ড গুলি করে পালিয়ে যায়। এ সময় সাজেদুল ইসলামের হাতে এবং নাঈম হোসেনের তলপেটে গুলি লাগায় তারা মাটিতে লুটিয়ে পড়েন।

পরে স্থানীয়রা রক্তাক্ত জখম অবস্থায় আহত দুইজনকে উদ্ধার করে প্রথমে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে আহত দুইজনের শারীরিক অবস্থার অবনতি হলে মুমূর্ষু অবস্থায় তাদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

কেন বা কী কারণে এই ঘটনা তা প্রাথমিক অবস্থায় জানা সম্ভব হয়নি। তবে পূর্ববিরোধের জেরে এ হামলা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত মেডিক্যাল অফিসার ডা. খন্দকার নাফিস সাদিক বলেন, গুরুতর রক্তাক্ত অবস্থায় দুইজন হাসপাতালে আসার পর প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার হোসেন বলেন, বিষয়টি শোনার পর আহত দুইজনকে রাজশাহীতে পাঠানো হয়েছে। সেইসাথে ঘটনাস্থলেও পুলিশ পাঠানো হয়েছে।