বানারীপাড়ায় স্কুলছাত্রী অপহরণ মামলার আসামি রেজাউল ঢাকা থেকে গ্রেফতার

অপহরণের পর থেকে অদ্যবধি দীর্ঘ প্রায় পাঁচ মাস মেয়েটিকে জোরপূর্বক আটকে রেখে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ ও নানা রকম নির্যাতন চালিয়ে আসছিল রেজাউল।

বানারীপাড়া (বরিশাল) সংবাদদাতা

Location :

Banaripara
গ্রেফতার রেজাউল মোল্লা
গ্রেফতার রেজাউল মোল্লা |নয়া দিগন্ত

বরিশালের বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়নের শিয়ালকাঠীতে স্কুলছাত্রী অপহরণ মামলার আসামি মো: রেজাউল মোল্লাকে (২২) গ্রেফতার করেছে বানারীপাড়া থানা পুলিশ।

বৃহস্পতিবার (১২ মার্চ) তাকে বরিশাল আদালতে পাঠানো হয়। এর আগে, বুধবার (১১ মার্চ) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে বানারীপাড়ার লবনসাড়া পুলিশ তদন্তকেন্দ্রের এসআই ও ওই মামলার তদন্তকারী কর্মকর্তা মো: হেলাল উদ্দীনের নেতৃত্বে র‍্যাব-১০ ও কেরানীগঞ্জ থানা পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করা হয়। পরে ওই দিন রাতেই তাকে বানারীপাড়া থানায় নিয়ে আসা হয়।

গ্রেফতার রেজাউল মোল্লা বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়নের শিয়ালকাঠী এলাকার হাবিব মোল্লার ছেলে।

উল্লেখ্য, অভিযুক্ত রেজাউল মোল্লা একই ইউনিয়নের কচুয়া গ্রামের শামিম মীরের মেয়ে উত্তরকুল মাধ্যমিক বিদ্যালয়ের এক ছাত্রীকে (১৫) দীর্ঘদিন ধরে স্কুলে যাওয়া-আসার পথে প্রায় সময়ই প্রেমের প্রস্তাবসহ নানা রকম কু-প্রস্তাব দিয়ে আসছিল। এতে ওই স্কুলছাত্রী রাজী না হওয়ায় তার ওপর ক্ষিপ্ত হয়ে প্রতারণার আশ্রয় নিয়ে রেজাউল মোল্লা ফুসলিয়ে ও বিভিন্ন রকম প্রলোভন দেখিয়ে গত ২১ অক্টোবর মেয়েটিকে অপহরণ করে নিয়ে যায়।

পরে মেয়ে অপহরণের ঘটনায় শামিম মীর বানারীপাড়া থানায় অপহরণ, নারী ও শিশু নির্যাতন দমন আইনে রেজাউল মোল্লার বিরুদ্ধ মামলা দায়ের করেন।

তবে অপহরণের পর থেকে অদ্যবধি দীর্ঘ প্রায় পাঁচ মাস মেয়েটিকে জোরপূর্বক আটকে রেখে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ ও নানা রকম নির্যাতন চালিয়ে আসছিল রেজাউল। অবশেষে গতকাল ১১ মার্চ বিকেলে র‍্যাব-১০ ও কেরানীগঞ্জ থানা পুলিশের সহায়তায় মামলার তদন্তকারী কর্মকর্তা ও লবনসাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মো: হেলাল উদ্দিনের নেতৃত্বে তাকে গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মজিবুর রহমান জানান, অপহরণ মামলার ওয়ারেন্টভুক্ত গ্রেফতার আসামি রেজাউল মোল্লাকে বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে বরিশাল আদালতে পাঠানো হয়েছে।