ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে ৫৩ শিশুর মৃত্যু হলো।
মঙ্গলবার (২৩ জুন) সন্ধ্যায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের সিনিয়র স্টোর অফিসার ডা: ঝন্টু সরকার এ তথ্য নিশ্চিত করেন।
মৃত শিশুটি কিশোরগঞ্জ জেলার নিকলি উপজেলার শহরমূল এলাকার। ৪ মাস বয়সী ছেলে শিশুটিকে ২২ জুন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত সোয়া ২টার দিকে সে মারা যায়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে হামের লক্ষণ নিয়ে নতুন করে আরো ২৪ শিশু ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়েছে।
গত ১৭ মার্চ থেকে আজ সকাল পর্যন্ত হামের লক্ষণ নিয়ে ভর্তি হয় দুই হাজার ৩০৩ জন শিশু। এর মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে দুই হাজার ১৫১ শিশু। মৃত্যু হয়েছে ৫৩ টি শিশুর। বর্তমানে চিকিৎসাধীন ৯৯ জন শিশু। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে আরও ২১ জন শিশু।
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের জ্যেষ্ঠ স্টোর অফিসার ঝন্টু সরকার বলেন, ‘গত ২৪ ঘণ্টায় নতুন আরো এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু ৫৩ জনে দাঁড়িয়েছে। এ সময় নতুন ২৪শিশু হামের লক্ষণ নিয়ে ভর্তি হয়েছে।



