যমুনা নদীতে নিখোঁজ দুই শিশুকে ৫ ঘণ্টা পর মৃত অবস্থায় উদ্ধার

দুপুর ১টার দিকে কয়েকজন শিশু একসাথে যমুনা নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে তীব্র স্রোতে ইসমাইল ও তার বন্ধু ওসমান তলিয়ে যায়। ইসমাইলের জমজ ভাই ইব্রাহিম তাদের উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হলে বাড়িতে খবর দেয়।

সরিষাবাড়ী, (জামালপুর) সংবাদদাতা

Location :

Sarishabari
উদ্ধার অভিযানে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা, (ডানে) নদীর পাড়ে স্থানীয়দের ভিড়
উদ্ধার অভিযানে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা, (ডানে) নদীর পাড়ে স্থানীয়দের ভিড় |নয়া দিগন্ত

জামালপুরের সরিষাবাড়ীতে যমুনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ দুই শিশুকে পাঁচ ঘণ্টা পর মৃত অবস্থায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যায় পিংনা ইউনিয়নের রাধানগর সানসেট পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলো— রাধানগর গ্রামের ফিরোজ মিয়ার ছেলে : ইসমাইল (১০) ও একই গ্রামের শামীম মিয়ার ছেলে মো: ওসমান (৮)। তারা উভয়ই স্থানীয় পৃথক দু’টি নূরানী মাদরাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

পারিবারিক সূত্রে জানায়, দুপুর ১টার দিকে কয়েকজন শিশু একসাথে যমুনা নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে তীব্র স্রোতে ইসমাইল ও তার বন্ধু ওসমান তলিয়ে যায়। ইসমাইলের জমজ ভাই ইব্রাহিম তাদের উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হলে বাড়িতে খবর দেয়।

পরে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা উদ্ধার অভিযান শুরু করে। নিখোঁজ আশপাশ থেকে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ইসমাইল ও ৭টার দিকে ওসমানের লাশ উদ্ধার করে ডুবুরিরা।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠেছে।

সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন জানান, দীর্ঘ অভিযানের পর নিখোঁজ দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।