নরসিংদীর মাধবদীতে কারেন্ট জাল বিক্রি ও মজুদের অভিযোগে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। একইসাথে অভিযানে জব্দ বিপুল পরিমাণ কারেন্ট জাল ও অন্য নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
সোমবার (২৭ জুলাই) দুপুরে মাধবদী বাজারে জাল পল্টীতে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়।
আদালত সূত্রে জানা গেছে, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কারেন্ট জাল বিক্রি ও মজুদের দায়ে বালুসাইর গ্রামের মাধবদী এলাকার মো: ফরিদ মিয়াকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে এক মাসের কারাদণ্ডের আদেশ দেয়া হয়। পরে জব্দ কারেন্ট জাল ও অন্য অবৈধ জাল স্থানীয় জেলে ও জনপ্রতিনিধিদের উপস্থিতিতে পুড়িয়ে ফেলা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী উপজেলা নিবাহীর কমকর্তা (ইউএনও) আসমাজাহান সরকার, ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: খালিদ হোসেন শিমুল। অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা রনক জাহান।
মৎস্য কর্মকর্তা রনক জাহান বলেন, ‘কারেন্ট জাল মাছের পোনা ও ডিমসহ সব ধরণের মাছ ধ্বংস করে। মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’



